বয়সবান্ধব সহনশীল বিশ্ব গড়ার আহ্বান গুতেরেসের

আপডেট : ০২ অক্টোবর ২০২২, ০৪:২৩ এএম

আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস অন্তর্ভুক্তিমূলক ও বয়সবান্ধব সমাজ এবং আরও সহনশীল বিশ্ব গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন, ‘আমরা পরিবর্তিত বিশ্বে ১০০ কোটির বেশি প্রবীণ নারী-পুরুষের পুনর্বাসনের দিকে মনোযোগ দিতে চাই।’ গতকাল শনিবার আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে দেওয়া বাণীতে এ আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব।

গুতেরেস বলেন, ‘গত বছর আমরা নাটকীয় বিপর্যয় দেখেছি, যেখানে অনেক সময়ই সংকটের কেন্দ্রে পড়েছেন প্রবীণরা। কভিড-১৯ মহামারী, ক্রমেই অবনতি ঘটতে থাকা জলবায়ু সংকট, ক্রমবর্ধমান সংঘাত ও ক্রমবর্ধমান দারিদ্র্যসহ নানা ধরনের চ্যালেঞ্জের মুখে প্রবীণ জনগোষ্ঠী বিশেষভাবে ঝুঁকিতে রয়েছে। আমাদের ঘুরে দাঁড়াতে অনুপ্রাণিত করেছেন।’

তিনি বলেন, ২০৩০ সাল নাগাদ বিশ্বে ৬০ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা ১৪০ কোটি হবে। সমাজ ও বৈশ্বিক সম্প্রদায় হিসেবে আমাদের কাজ হলো দীর্ঘায়ুর চ্যালেঞ্জগুলো চিহ্নিত করা এবং এর সম্ভাবনাগুলো প্রকাশ ও কাজে লাগানো। আমাদের অবশ্যই সব মানুষের জন্য সব বয়সে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে। টেকসই উন্নয়ন অভীষ্টে এই প্রতিশ্রুতির উল্লেখ আছে।

জাতিসংঘ মহাসচিব বলেন, জীবনভর শিক্ষা, শক্তিশালী সামরিক সুরক্ষা, দীর্ঘমেয়াদে মানসম্পন্ন স্বাস্থ্যসেবাপ্রাপ্তি, ডিজিটাল বিভক্তি দূরীকরণ, আন্তঃপ্রজন্ম সহযোগিতা, মর্যাদা ও শ্রদ্ধাবোধ জরুরি। প্রবীণ জনগোষ্ঠী জ্ঞান ও অভিজ্ঞতার অসাধারণ ভাণ্ডার। আমাদের অবশ্যই তাদের সংশ্লিষ্টতা, পুরোদমে অংশগ্রহণ এবং জরুরি ভূমিকা পালন নিশ্চিত করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত