ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের একটি ফুটবল স্টেডিয়ামে সংঘর্ষ ও পদদলনে নিহতের সংখ্যা বেড়ে ১৭৪ জনে দাঁড়িয়েছে। ফুটবলের ইতিহাসে এটি একটি হৃদয়বিদারক ঘটনা।
রোববার (২ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। শনিবার (১ অক্টোবর) পূর্ব জাভা অঞ্চলের মালাং শহরে ফুটবল মাঠে আরেমা ও পার্সেবায়া সুরাবায়ার মধ্যকার খেলা চলাকালীন এই ঘটনা ঘটে।
সংঘর্ষে আহত হয়েছে আরও অন্তত ১৮০ জন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়, আরেমা ম্যাচটি ২-৩ ব্যবধানে হেরে যায়। দল হেরে যাওয়ায় হাজার হাজার আরেমা ভক্তরা মাঠে নেমে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সেই সময় মাঠে থাকা বেশ কয়েকজন আরেমার খেলোয়াড়ের ওপর হামলা হয়েছে বলেও দাবি করা হয়।
নিরাপত্তা বাহিনী ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, কয়েক হাজার দর্শক এক সঙ্গে স্টেডিয়ামে জোর করে ঢুকে পড়ে এবং পরস্পরের মধ্যে হুড়োহুড়ির সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ভিড় লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ও ফাঁকা গুলি ছোড়ে। এর ফলে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে অনেকে মারা যায়। সংঘর্ষ থামার পর ঘটনাস্থলে হতাহতদের আশপাশে হাজার হাজার পরিত্যক্ত জুতা ছড়িয়ে-ছিটিয়ে ছিল।
এদিকে, এই ঘটনার তদন্ত না হওয়া পর্যন্ত ইন্দোনেশিয়ার শীর্ষ লিগের সব ম্যাচ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জোকো উইডোডো।
পূর্ব জাভার পুলিশ প্রধান নিকো আফিন্তা বলেন, খেলা শেষে দর্শকরা সংঘর্ষে জড়িয়ে পড়লে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এসময় হুড়োহুড়িতে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে এবং শ্বাসরোধে অনেকের মৃত্যু হয়েছে। তিনি বলেন, নিহতদের মধ্যে দুজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন।
