বেলকুচিতে নৌকা বাইচ দেখতে মানুষের ঢল

আপডেট : ০২ অক্টোবর ২০২২, ০২:২৪ পিএম

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার যমুনা নদীতে ঢাকা ব্যাংক নৌকা বাইচ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১ অক্টোবর) দুপুরে ক্ষিদ্রমাটিয়া যমুনা নদীর পাড়ে গ্রাম-বাংলার ঐহিত্যবাহী ঢাকা ব্যাংক নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে লাখো মানুষের ভিড় জমায়। মুকুন্দগাঁতি ও ক্ষিদ্রমাটিয়া গ্রামবাসীর আয়োজনে এবং বেলকুচি পৌর মেয়রের সার্বিক সহযোগিতায় বর্ণিল এ নৌকা বাইচ প্রতিযোগিতায় স্থানীয় ও বিভিন্ন অঞ্চল থেকে আসা অর্ধশতাধিক নৌকা অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় অংশ নেয়া মাঝি মাল্লাদের বৈঠার তালে তালে মুখরিত হয়ে উঠে পুরো যমুনার তীর। নৌকাবাইচ দেখতে শনিবার দুপুর থেকে যমুনার তীরে ভিড় জমায় নারী-পুরুষ। উচ্ছ্বাস ও আনন্দ নিয়ে প্রতিযোগিতা উপভোগ করেছেন দূর-দূরান্তে থেকে আগত নানা শ্রেণি পেশার মানুষ। ঢোলের তালে তালে গ্রাম বাংলার গান ও বৈঠার ছন্দ মাতিয়ে তোলে নৌকা বাইচের চূড়ান্ত পর্বে।

চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে মোটরসাইকেল, ফ্রিজ, টিভিসহ নানা পুরস্কার দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল ও সভাপত্বি করেন পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা। 

উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র জানান, বেলকুচির যমুনা নদীর তীরে গ্রাম বাংলার ঐতিহ্য নৌকা বাইচ প্রতি বছর অনুষ্ঠিত হয়। আমাদের বেলকুচি যেমন তাঁত শিল্পের জন্য পরিচিত তেমনি নৌকাবাইচের জন্যও। এ ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছর নৌকা প্রতিযোগিতা অব্যাহত থাকবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মীর্জা সোলেমান হোসেন, বড়ধুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আছির উদ্দিন মোল্লা, আ.লীগ নেতা শাহজাহান আলী প্রামাণিক, বিশিষ্ট সমাজসেবক হাজী জুলমাত আলী, খোদা বক্স প্রামাণিক, হাজী লোকমান হোসেন, পৌর কাউন্সিলরগণ, প্রশাসন, সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত