অর্থ দিয়ে মানুষের শোক মুছে দেওয়া যায় না : তথ্যমন্ত্রী

আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ০২:১৩ এএম

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, অর্থ দিয়ে মানুষে শোক মুছে দেওয়া যায় না, প্রিয়জনও ফিরে পাওয়া যায় না। আমরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি তাদের শোকে শামিল হতে। এটা আওয়ামী লীগের আদর্শ।

গতকাল রবিবার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলায় এক সমাবেশে তিনি এসব কথা বলেন। করতোয়া নদীতে নৌকাডুবিতে নিহত ও নিখোঁজদের স্বজনদের কাছে আওয়ামী লীগের পক্ষ থেকে মানবিক সহায়তা বিতরণ উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়।

তথ্যমন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল ইসলামের বাড়ি পাশের জেলায় ঘটনাস্থল থেকে ৫০ কিলোমিটার দূরে, তিনি এখনো ঘটনাস্থলে আসেননি, ঢাকায় বসে সরকারের ব্যর্থতা খুঁজছেন। আমরা এসেছি, আমাদের পর তিনি আসবেন। দলের পক্ষ থেকে আমরা প্রতিটি পরিবারকে ৫০ হাজার টাকা মানবিক সাহায্য হিসেবে প্রদান করেছি।’

সমাবেশে রেলপথমন্ত্রী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম সুজন বলেন, ‘আওয়ামী লীগ কখনো বিপদে মানুষকে ঠেলে দেয় না। আমরা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছি এবং শেষ মুহূর্ত পর্যন্ত থাকব। ঘটনার পর থেকেই সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত সব ধরনের মানবিক সহায়তা করে আসছে প্রশাসন, যা প্রধানমন্ত্রীর নির্দেশ।’

আর্থিক সহায়তার অংশ হিসেবে ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে মরদেহ সৎকারের জন্যে ২০ হাজার, ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২৫ হাজার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে। এ ছাড়াও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন, রেড ক্রিসেন্ট ইউনিট ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত