রাজারহাটে মন জুড়ানো পদ্ম বিল

আপডেট : ০৪ অক্টোবর ২০২২, ০৪:০৩ পিএম

বিশাল এলাকাজুড়ে গোলাপি রঙের পদ্ম দেখলে মন জুড়িয়ে যাবে যে কারও। দু-চোখ যত দূর যায় শুধু পদ্ম আর পদ্ম। বর্ষাকালে যে কটি ফুল প্রকৃতির শোভা বৃদ্ধি করে তার মধ্যে অন্যতম ‘পদ্ম’ আর এই পদ্ম ফুল দেখতে হলে আপনাকে আসতে হবে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের চান্দামারী গ্রামের চেংমারী’র দোলায়।

এছাড়াও শুধু রাজারহাট উপজেলায় নয়, জেলার বিভিন্ন উপজেলায় এ চিত্র দেখা গেছে।

গোলাপি রঙের মাখামাখি দূর থেকেই চোখে পড়বে। কাছে গেলে ধীরে ধীরে সবুজের পটভূমিতে গোলাপি রঙ আরও গাঢ় হয়ে ধরা দেবে। চোখ জুড়িয়ে দেবে পদ্মর বাহারি সৌন্দর্য। আগাছা আর লতাগুল্মে ভরা বিলের পানিতে ফুটে আছে হাজার হাজার পদ্ম।

সূর্যের সোনালি আভা পদ্ম পাতার ফাঁকে ফাঁকে পানিতে প্রতিফলিত হয়ে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে বিলের সৌন্দর্য। নৌকা কিংবা হাঁটু পানি মাড়িয়ে বিলের ভেতর ঢুকলে মনে হবে বাতাসের তালে তালে এপাশ-ওপাশ দুলতে দুলতে হাসিমুখে অভ্যর্থনা জানাচ্ছে পদ্মরা। সে হাসিতে বিলজুড়ে ছড়িয়ে পড়ছে আনন্দধারা।

image

সরেজমিনে দেখা গেছে, উপজেলার চেংমারীর দোয়ায় প্রায় ৫০ বিঘা জমিতে প্রাকৃতিকভাবে গড়ে উঠেছে এই পদ্মবিল। এর মধ্যে বিলের জায়গা মাত্র ১০ বিঘা। বাকিটুকু ধানী জমি।

মুড়ারআব্দাসহ আশপাশের গ্রামের লোকজন শুকনো মৌসুমে এসব জমিতে বোরো আবাদ করে থাকেন।

বর্ষায় পানি আসলে এসব জমিতেই ফুটে পদ্ম। বিলের বিস্তীর্ণ এলাকাজুড়ে গোলাপি আর সাদা রঙের পদ্ম দেখলে মন জুড়িয়ে যায় সবার। চোখ যত দূর যায় শুধু পদ্ম আর পদ্ম। পাপড়ি মেলে প্রকৃতিপ্রেমীদের স্বাগত জানায় এ ফুলেরা। এমন অপরূপ দৃশ্য সবাইকে বিলটির প্রতি আকৃষ্ট করছে।

জেলা শহর থেকে পদ্ম ফুল দেখতে এসেছেন মাসুদ ও পলাশ।

image

তারা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এই পদ্ম বিলের ছবি দেখে বেড়াতে আসছি। দেখে খুব ভালো লাগলো আমাদের। এবং ছোট ডিঙি নৌকা নিয়ে ঘুরে দেখা হলো। সব মিলিয়ে অনেক সুন্দর জায়গাটা।

কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা নাছির উদ্দিন বলেন, পদ্ম কন্দ জাতীয় বহু বর্ষজীবী জলজ উদ্ভিদ। বাংলাদেশের প্রায় প্রতিটি প্রাকৃতিক জলাধার হাওর-বাঁওড়, খালে-বিলে ও ঝিলের পানিতে পদ্ম ফুল ফুটতে দেখা যায়। বর্ষা মৌসুমে ফুল ফোটা শুরু হয়। তবে শরতের অধিক পরিমাণে ফুল ফোটে এবং এর ব্যাপ্তি থাকে হেমন্তকাল অবধি।

তিনি আরও বলেন, ফুটন্ত ফুলের বাহারি রূপ দেখে চোখ জুড়িয়ে যায়। সনাতন ধর্মাবলম্বী মানুষজনের কাছে অতি প্রিয় ও পবিত্র ফুল পদ্ম। ব্যাপক চাহিদা থাকার কারণে পদ্ম ফুল সংগ্রহ ও বিক্রি অনেক মানুষ জীবিকা নির্বাহ করেন।

তা ছাড়া পদ্ম ফুল ভেষজগুণ সমৃদ্ধ ফুল গাছ। এর ডাটা সবজি হিসেবে খাওয়া যায়। মানবদেহে ক্যালসিয়ামের ঘাটতি পূরণে অতুলনীয়। চুলকানি ও রক্ত আমাশয় নিরাময়ে বেশ উপকারী বলে তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত