সিরাজগঞ্জের কামারখন্দে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে মাইক্রোবাসের চার আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও সাতজন। গত সোমবার রাত পৌনে ১২টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ঝাঐল ইউনিয়নের ঝাঐল ওভারব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এদিকে গত সোমবার সন্ধ্যা থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত সময়ে দেশের বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আরও সাতজনের। এর মধ্যে নীলফামারীতে মাইক্রোবাসের ধাক্কায় দুই মোটরসাইকেল অরোহী, জয়পুরহাটের পাঁচবিবিতে দুটি পিকআপ ভ্যানের সংঘর্ষে একজন, রংপুরের তারাগঞ্জে ব্যাটারিচালিত ভ্যানে বাসের ধাক্কায় দুজন এবং বগুড়ার আদমদীঘিতে মোটরসাইকেলে বাসের ধাক্কায় এক নারী ও জেলার শাজাহানপুরে দুই বাসের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।
সিরাজগঞ্জের দুর্ঘটনায় নিহতরা হলেন নাটোরের বনপাড়া উপজেলার বনপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেন (৫৫), তার স্ত্রী পান্না খাতুন (৪৫), মাইক্রোচালক সেলিম শেখ (৪০) ও মানিকগঞ্জের রফিকুল ইসলাম (৩৮)।
পুলিশ জানায়, চাকা ফেটে গেলে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঝাঐল ওভারব্রিজের ওপর দাঁড়িয়ে পড়ে। এ সময় বনপাড়া থেকে ঢাকাগামী একটি মাইক্রো বাসটিকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও ১০ জন আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও তিনজন মারা যায়।
নীলফামারীতে দুই মোটরসাইকেল আরোহী নিহত : নীলফামারী-সৈয়দপুর সড়কে মাইক্রোবাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢেলাপীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নীলফামারী সদর থানার ওসি আব্দুর রউফ জানান, নিহত দুই যুবকের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেলে দুজন আরোহী নীলফামারী থেকে সৈয়দপুর যাচ্ছিলেন।একই পথে পেছন দিক থেকে আসা যাত্রীবাহী একটি মাইক্রোবাস মোটরসাইকেলটিকে পাশ কাটানোর সময় ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে মোটরসাইকেল আরোহী দুই যুবক ঘটনাস্থলেই মারা যান।
জয়পুরহাটে দুই পিকআপের সংঘর্ষে নিহত ১ : জয়পুরহাটের পাঁচবিবিতে মুরগিবোঝাই একটি এবং গরুবোঝাই আরেকটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় পাঁচবিবি-হিলি সড়কের নওদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাবুল হোসেন (৫০) একটি পিকআপ ভ্যানের চালক।
পূজা দেখতে গিয়ে নৈশকোচের ধাক্কায় নিহত ২ : রংপুরের তারাগঞ্জে ব্যাটারিচালিত ভ্যানে পূজা দেখতে যাওয়ার সময় নৈশকোচের ধাক্কায় দুজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের খিয়ারজুম্মা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রংপুরের বদরগঞ্জের তালুক দামোদরপুর এলাকার সুবল সরকারের ছেলে রতন সরকার (৩০) ও একই এলাকার নারায়ণ চন্দ্রের ছেলে পবিত্র চন্দ্র (১৫)।
তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি শেখ মাহাবুব মোরশেদ জানান, কয়েকজন মিলে ব্যাটারিচালিত ভ্যান ভাড়া করে পূজামণ্ডপ দেখতে বের হন। পথে খিয়ারজুম্মা এলাকায় সৈয়দপুর থেকে ছেড়ে আসা অজ্ঞাতপরিচয় একটি নৈশকোচ পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে চালকসহ ভ্যানে থাকা পাঁচজন সড়কে ছিটকে পড়ে। খবর পেয়ে তারাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে রতন সরকার ও পবিত্র চন্দ্র মারা যান। আহতদের একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আদমদীঘিতে মোটরসাইকেলে বাসের ধাক্কায় নারী নিহত : বগুড়ার আদমদীঘিতে দুর্গাপূজার বিভিন্ন পূজামন্ডপ ঘুরে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় সুমী মোহন্ত (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় নিহতের স্বামী ও তার দুই বছর বয়সী শিশুসন্তান সুকর্ণ মোহন্ত আহত হন। গত সোমবার রাত ৯টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কে আদমদীঘি ফায়ার সার্ভিস স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমী মোহন্ত আদমদীঘি উপজেলার কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা ও পল্লীসঞ্চয় ব্যাংকের মাঠকর্মী কাঞ্চন চন্দ্র মোহন্তের স্ত্রী।
শাজাহানপুরে দুই বাসের সংঘর্ষে যুবক নিহত : বগুড়ার শাজাহানপুরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ওমর ফারুক নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। গতকাল সকাল সোয়া ৮টার দিকে শাজাহানপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওমর ফারুক জেলার শেরপুর উপজেলার সরো গ্রামের জামাল হোসেনের ছেলে।
প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন সংশ্লিষ্ট জেলার প্রতিনিধি ও সংবাদদাতারা
