মির্জা ফখরুল বললেন

পরিকল্পিতভাবে গণতন্ত্র নাশ করছে আওয়ামী লীগ

আপডেট : ০৫ অক্টোবর ২০২২, ০৬:০৫ এএম

‘আওয়ামী লীগ সরকার ২০০৯ সালে ক্ষমতায় এসে পরিকল্পিতভাবে একের পর এক গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে’একথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘গত ১৪ বছর ধরে সরকার গণতন্ত্র ধ্বংসের কাজে লিপ্ত।’

গতকাল মঙ্গলবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জে বিএনপির স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বাসভবনে দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘দেশের মানুষকে একটি দানব সরকার নির্যাতন করছে। আমরা আজ এই অশুভ শক্তিকে পরাজিত করার শপথ নেব।’

তিনি বলেন, ‘১৯৭১ সালে স্বাধীনতার জন্য আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একযোগে যুদ্ধ করেছিলাম। পরে তার জন্য কাজ করেছি। কিন্তু দুর্ভাগ্য, স্বাধীনতার ৫০ বছর পর আমাদের সেই আশা-আকাক্সক্ষা আর দেখছি না। আমরা বাংলাদেশের মানুষ সবসময় অসাম্প্র্রদায়িক দেশ নির্মাণের জন্য কাজ করেছি।’ 

বিএনপি মহাসচিব বলেন, ‘খালেদা জিয়াকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে আটকে রাখা হয়েছে। আমাদের নেতা তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত করে রাখা হয়েছে। অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে এই সরকার।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ ভোটের অধিকার, কথা বলার অধিকার, ন্যায়বিচার পাওয়ার অধিকার কেড়ে নিয়েছে। আজকে দেবী দুর্গার আবির্ভাব ঘটেছে অসত্যকে পরাজিত করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করতে। দেবী দুর্গার আবির্ভাবে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হোক এটাই আমাদের আশা, মনস্কামনা।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমাদের আন্দোলন চলবে। আমাদের আন্দোলনে আপনারা শরিক হবেন। আমাদের আন্দোলন বর্তমান সংসদ বাতিল, সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকার, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্রের মা খালেদা জিয়ার মুক্তির জন্য এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য। পাশাপাশি কারাবন্দিদের মুক্তির জন্য আমরা আন্দোলন করছি।’

সেসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক; দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মুজাদ্দেদ আলী বাবু, সাংগঠনিক সম্পাদক ঈশা খাঁ, সাবেক উপজেলা যুবদল সভাপতি মোকাররম হোসেন সাজ্জাদসহ কেন্দ্রীয় বিএনপি ও উপজেলা বিএনপি এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত