টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু পূর্বপারের গোল চত্বরে এক সড়ক দুর্ঘটনায় দুই শিশু ও এক নারীসহ ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে একতা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস বলছে, ভয়াবহ ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। নাটোর প্রতিনিধি জানিয়েছেন, মাইক্রোবাসটির আরোহীরা মানিকগঞ্জে একটি বিয়ের অনুষ্ঠান শেষে নাটোরের বড়াইগ্রামে ফিরছিলেন। এদিকে গতকাল একই জেলার কালিহাতীতে ট্রাকচাপায় এক যুবক নিহত হয়েছে। এদিন মুন্সীগঞ্জ ও ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে আরও চারজন।
দেশ রূপান্তরের টাঙ্গাইল প্রতিনিধি, মুন্সীগঞ্জ প্রতিনিধি ও ঝিনাইদহ প্রতিনিধির পাঠানো তথ্যে বিস্তারিত
বঙ্গবন্ধু সেতু কর্র্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রের বরাতে টাঙ্গাইল প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একতা পরিবহনের যাত্রীবাহী একটি বাস বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বঙ্গবন্ধু সেতুর পূর্বপারের গোলচত্বর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিপরীত লেনে এসে পড়ে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি মাইক্রোবাসের ওপর উঠে যায় বাসটি। এতে ঘটনাস্থলেই তিনজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজন মারা যায়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, মাইক্রোবাসে থাকা চালক, একজন পুরুষ ও একজন নারী যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। আর বাসযাত্রীদের মধ্যে দুই শিশু ও একজন পুরুষ যাত্রী হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। ফায়ার সার্ভিস কর্মকর্তা আতাউর রহমান বলেন, দুর্ঘটনায় নিহতরা হলো পাবনা জেলার বেড়া উপজেলার জোরদহ গ্রামের মৃত ইমতাজ আলী প্রামাণিকের ছেলে জহিরুল ইসলাম (৫৫), কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার কুটুম্বপুর গ্রামের মৃত ফজলুল হকের ছেলে দুলাল হোসেন (৫০), বগুড়া জেলার শহরের জলেশ^রীতলা এলাকার মো. হেলাল উদ্দিনের স্ত্রী মালিকানা বানু রুবী (৬৫), বগুড়া জেলার শহরের জলেশ^রীতলা এলাকার মো. হেলাল উদ্দিনের ছেলে রিফাত আল হাসান (৪০), নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার আগ্রান এলাকার আব্বাস আলীর মেয়ে তাহমিনা আক্তার (৬) ও কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার কুটুম্বপুর গ্রামের জগলু চন্দ্র শীলের ছেলে সুশীল চন্দ্র শীল (৪০) ।
বঙ্গবন্ধু সেতু কর্র্তৃপক্ষের সহকারী সিকিউরিটি অ্যান্ড সেফটি ম্যানেজার রফিকুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে চলে আসি। এসে দেখি মাইক্রোবাস ও বাসের যাত্রীরা চিৎকার করছেন। আমাদের বিবিএর রেসকিউ টিম এসে উদ্ধার কাজ শুরু করে। এখানে যারা আহত ছিলেন আমাদের ও ফায়ার সার্ভিসের গাড়িতে করে তাদের দ্রুত হাসপাতালে পাঠিয়ে দিই। এ ছাড়া যারা ঘটনাস্থলে নিহত হয় তাদের মরদেহ থানায় পাঠিয়ে দেওয়া হয়।’
টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, দুর্ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হবে। নিহতদের মরদেহ পুলিশের তত্ত্বাবধানে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
টাঙ্গাইলের জেলা প্রশাসক আতাউল গনি ঘটনাস্থলে গিয়ে বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, বিআরটিএ’র সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। দুর্ঘটনায় নিহতের পরিবারকে মরদেহ দাফনের জন্য ২০ হাজার টাকা করে দেওয়া হবে। আহতদের চিকিৎসার জন্য অতিরিক্ত ওষুধের প্রয়োজন হলে তা জেলা প্রশাসন বহন করবে।
এ ছাড়া এদিন জেলার কালিহাতীতে ট্রাকচাপায় তাপশ দাস (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টাঙ্গাইল-ভুঞাপুর সড়কের কালিহাতী নগরবাড়ী হাজী আবু হাসেম টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সওদাগরপাড়া গ্রামের গোপাল দাসের ছেলে।
গতকাল মুন্সীগঞ্জে পৃথক দুই দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও দুজন। এরমধ্যে গতকাল সকাল সাড়ে ৬টার দিকে মুক্তারপুর এলাকার ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর ঢালে কোমল পানীয় বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশার ওপর পড়লে এক যাত্রী নিহত হয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা অটোরিকশার ভেরত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করে। তার পরিচয় জানা যায়নি। এদিকে জেলায় বুধবার রাত সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার মরিচা গ্রামের রুহিতপুর সেতুতে প্রাইভেটকার চাপায় এক কিশোর নিহত হয়েছে। তার নাম প্রান্ত মন্ডল (১৫)। সে কোলা ইউনিয়নের গৌরীপুরা গ্রামের পরশ মন্ডলের ছেলে। সিরাজদীখান উপজেলার শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাসির উদ্দিন বলেন, প্রাইভেট কারটি আটক করা হয়েছে। শুনেছি প্রাইভেট কার মালিক আরিফ হচ্ছেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন, সদর উপজেলার পোড়াহাটি এলাকার পাঁচমাইল নামক স্থানে ট্রাকের ধাক্কায় শিরি খাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল সকালে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের ওই স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিরি খাতুন পোড়াহাটি গ্রামের মৃত বশির উল্লাহ দিদারের মেয়ে।
