মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ

অধ্যক্ষের পদ থেকে সরানো হলো ফরহাদ হোসেনকে

আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ০৫:১৪ এএম

রাজধানীর মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. ফরহাদ হোসেনকে সরিয়ে দিয়েছে গভর্নিং বডি। একই সঙ্গে এ শিক্ষাপ্রতিষ্ঠানের সিনিয়র প্রভাষক মো. মুস্তাফিজুল ইলসামকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশির) অধিদপ্তরকে বিষয়টি জানিয়ে চিঠি দিয়েছে অ্যাডহক ম্যানেজিং কমিটির সভাপতি ও মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ ট্রাস্টের চেয়ারম্যান রাশেদা আক্তার।

চিঠিতে বলা হয়, মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. ফরহাদ হোসেনের চাকরির বয়সসীমা (৬০ বছর) অতিক্রম করায় এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে প্রতিষ্ঠানের সিনিয়র প্রভাষক (ইংরেজি) মো. মুস্তাফিজুল ইসলামকে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হলো। বর্তমান অধ্যক্ষ মো. ফরহাদ হোসেন একই প্রতিষ্ঠানের সিনিয়র প্রভাষক মুস্তাফিজুল ইসলামকে দায়িত্ব হস্তান্তর করবেন। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।

এর আগে ঢাকা শিক্ষা বোর্ডের এক তদন্তে অধ্যক্ষ ফরহাদ হোসেনের চুক্তিভিত্তিক নিয়োগ অবৈধ বলে জানানো হয়। বয়সসীমা ৬০ বছর পার হওয়ার পর তার চাকরির মেয়াদ বৃদ্ধি সঠিক ও বিধিসম্মত হয়নি বলে বলা হয়। এরপর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাউশি অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দিয়ে অনুরোধ জানান ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত