ফখরুলের মুখে বঙ্গবন্ধুর ভাষণ

রক্ত যখন দিয়েছি আরও দেব, মানুষকে মুক্ত করে ছাড়ব

আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ০৫:১৭ এএম

ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের ‘হামলা ও পুলিশের গুলিতে’ দলের পাঁচ নেতাকর্মীর মৃত্যুর প্রতিবাদে রাজধানী ঢাকাসহ সারা দেশে শোকর‌্যালি করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মুখে আসে ১৯৭১ সালে রাজধানীর রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণের একটি অংশ। তিনি বলেন, ‘রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব। বাংলার মানুষকে মুক্ত করে ছাড়ব।’

এদিকে সংবিধান থেকে বাতিল হওয়া ত্রয়োদশ সংশোধনীর আলোকেই বিএনপি সময়মতো নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা দেবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল। গতকাল ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সঙ্গে দ্বিতীয় দফা সংলাপের পর প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

শোকর‌্যালিতে যোগ দিতে গতকাল দুপুর ১টা থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন নেতাকর্মীরা। বিএনপিসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ব্যানার, কালো ফ্ল্যাগসহ খ- খ- মিছিল নিয়ে র‌্যালিতে অংশ নেন। এই কর্মসূচি ঘিরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তাবলয় গড়ে তোলেন। তবে শেষ পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই সমাবেশ ও র‌্যালি শেষ হয়। র‌্যালিটি বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল নাইটিঙ্গেল মোড় ঘুরে আরামবাগ হয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

র‌্যালিপূর্ব সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘এই সরকারকে আর কোনো সময় দেওয়া যায় না। এই সরকার জাতির জন্য একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। তাকে অবিলম্বে অপসারণ করতে হবে। সেজন্য এদেশের মানুষ জেগে উঠেছে। জেগে উঠেছে আমাদের তরুণ-যুবকরা। আজকে আমরা সামনের দিকে এগিয়ে যাব। পেছনে ফিরব না।’

তিনি আরও বলেন, ‘এই সরকারকে বাধ্য করব পদত্যাগ করতে, পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা প্রদান করতে, সংসদ বিলুপ্ত করে নতুন নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে জনগণের ভোটে নতুন সংসদ গঠন করে নতুন সরকার গঠন করা হবে।’

এ সময় নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘অনেক রক্ত আমরা দিয়েছি। আমরা আরও রক্ত দেব। কিন্তু এ দেশের মানুষকে আমরা মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ।’

র‌্যালিতে বিএনপি নেতাদের মধ্যে অংশ নেন মির্জা আব্বাস, আমান উল্লাহ আমান, আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকন প্রমুখ।

সময়মতো তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা : সংবিধান থেকে বাতিল হওয়া ত্রয়োদশ সংশোধনীর আলোকে বিএনপি সময়মতো নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা দেবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল। গতকাল গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সঙ্গে দ্বিতীয় দফা সংলাপের পর প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা আপনারা সময়মতো জানবেন। যুগপৎ আন্দোলন শুরু করলে আপনারা জানতে পারবেন। আমাদের রূপরেখায় থাকবে সংবিধানের ৫৮(খ), (গ)... যেটা সংবিধানের (দ্বাদশ সংশোধনী) ছিল। তারই আলোকে এই রূপরেখা হবে।’

এর আগে সকাল ১০টায় বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব। এই দুই সংলাপে বিএনপি মহাসচিবের সঙ্গে অংশ নেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত