হবিগঞ্জের আজমিরিগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে মাদকের আসর বসিয়ে রাতভর উচ্চশব্দে গান বাজিয়ে এক যুবলীগ নেতার জন্মদিন উদযাপনের অভিযোগ উঠেছে। অবশ্য উচ্চশব্দে গান-বাজনা এবং মাদকসেবী নারী-পুরুষের উন্মাদনায় অতিষ্ঠ হয়ে গ্রামবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) শরণাপন্ন হলে পরে পুলিশ গিয়ে তাদের নিবৃত্ত করে। গত বুধবার রাতে আজমিরিগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মমিনুর রহমান সজিবের জন্মদিন উপলক্ষে স্থানীয় এবিসি সরকারি পাইলট মডেল স্কুলে ওই আয়োজন করা হয়েছিল। এই যুবলীগ নেতা আজমিরিগঞ্জ উপজেলা পরিষদেরও ভাইস চেয়ারম্যান।
ভুক্তভোগীরা জানান, গত বুধবার ছিল যুবলীগ নেতা সজিবের ৪১তম জন্মদিন। ওইদিন রাতে তিনি তার জন্মদিন পালন করতে এবিসি সরকারি পাইলট মডেল স্কুলকে বেছে নেন। বিদ্যালয়টির মিলনায়তনে সন্ধ্যার পর থেকেই দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বেশ কিছু তরুণ-তরুণী উপস্থিত হতে থাকে। সেখানে গভীর রাতে উচ্চশব্দে গান বাজিয়ে নাচের পাশাপাশি মদ ও গাঁজাসহ বিভিন্ন মাদক সেবন চলতে থাকে বলে অভিযোগ এলাকাবাসীর।
জীবন নামে এক ভুক্তভোগী অভিযোগ করে বলেন, ‘রাত বাড়ার সঙ্গে সঙ্গে সাউন্ডবক্সের ভলিয়মও বাড়তে থাকে। শুধু কেক কাটা আর গানেই সীমাবদ্ধ ছিল না, অনুষ্ঠানে অংশ নেওয়া কয়েকজন পুরুষ ও নারী মদ-গাঁজা সেবন করে অশ্লীল নাচ, চিৎকার করতে থাকে। তাদের উন্মাদনায় ভেঙে যায় গ্রামের নীরবতা।’
আরেক ভুক্তভোগী সজীব অভিযোগ করে বলেন, ‘সাউন্ডবক্সে চড়া ভলিয়মে গান বাজানোয় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীর পূজা ও আরাধনায় বিঘœ ঘটে। সাউন্ডবক্সের আওয়াজে প্রকম্পিত হতে থাকে আশপাশের পুরো এলাকা। এতে বিশেষ করে রোগী, শিশু ও বৃদ্ধরা অস্বস্তিবোধ করতে থাকে। শেষ রাতে উপজেলা প্রশাসনের নির্দেশে পুলিশ সেখানে গিয়ে আয়োজকদেরকে অনুষ্ঠান বন্ধ করতে বাধ্য করে।’
এ ব্যাপারে জানতে চাইলে যুবলীগ নেতা মমিনুর রহমান সজিব বলেন, ‘স্কুলটি আমার বাড়ির পাশে। তাই কর্মীদের নিয়ে জন্মদিন পালন করেছি। এতে দোষের কী হলো?’
সরকারি বিদ্যালয়ের মতো একটি প্রতিষ্ঠানে এ ধরনের আয়োজন করা ন্যায়সঙ্গত কিনা প্রশ্ন করা হলে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, ‘যা পারেন লিখেন। এখন একটি মিটিংয়ে আছি। আর কথা বলতে পারব না।’
বিদ্যালয়ে যুবলীগ নেতার জন্মদিনের অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়ার কারণ জানতে চাইলে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. আহসান মোস্তাফা বলেন, ‘অনুমতি দিয়ে ভুল করে ফেলেছি। আমি নিজেই লজ্জিত ও দুঃখিত।’
যুবলীগ নেতা সজিব যে বিদ্যালয়ে তার জন্মদিনের অনুষ্ঠান আয়োজন করেন সেটির পরিচালনা পর্ষদের সভাপতি আজমিরিগঞ্জের ইউএনও সুলতানা সালেহা সুমি। এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাকে কোনো কিছু জানানো হয়নি। অনুমতিও নেওয়া হয়নি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সেখানে পুলিশ পাঠিয়ে অনুষ্ঠান বন্ধ করা হয়। দুর্গাপূজায় যেখানে সাউন্ডবক্স বাজানো সীমিত করা হয়েছে, সেখানে জন্মদিনের নামে সরকারি প্রতিষ্ঠানে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করে জনগণের বিরক্তি উদ্রেককারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, যুবলীগ নেতা মমিনুর রহমান সজিবের বিরুদ্ধে সরকারি জমি দখলসহ দুর্নীতির অভিযোগ রয়েছে।
