এমপির বহরের গাড়ির ধাক্কায় পা ভাঙল রিকশাচালকের

আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ০৪:১২ এএম

ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর বহরের একটি গাড়ির ধাক্কায় এক রিকশাচালকের দুই পা ভেঙে গেছে। মাথায়ও মারাত্মকভাবে আঘাত পেয়েছেন আইয়ুব আলী (৬০) নামে ওই রিকশাচালক। গত বৃহস্পতিবার রাতে দাগনভূঞার ফাজিলের ঘাট রোডের রামানন্দপুর গ্রামের কালারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৮টার দিকে পাঁচ-ছয়টি গাড়ির বহর নিয়ে মাসুদ চৌধুরী দাগনভূঞা থেকে সোনাগাজীর গ্রামের বাড়ি ফিরছিলেন। এ সময় জগৎপুর গ্রামের আইয়ুব আলী অটোরিকশা নিয়ে একই সড়ক দিয়ে ফাজিলের ঘাট থেকে বাড়ি যাচ্ছিলেন। পথে কালারটেকে বিপরীত দিক থেকে আসা মাসুদ চৌধুরীর গাড়ির পেছনে থাকা একটি মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে সড়কের পাশে পড়ে যায়। পরে আশপাশের লোকজন আহত রিকশাচালক আইয়ুবকে উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, মাইক্রোবাসের ধাক্কায় রিকশাচালক আইয়ুবের দুই পা ভেঙে গেছে। তিনি মাথায়ও আঘাত পেয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

দুর্ঘটনার খবর পেয়ে দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খান হাসপাতালে যান। তিনি বলেন, অবস্থা আশঙ্কাজনক দেখে প্রাথমিক চিকিৎসা শেষে রিকশাচালক আইয়ুবকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়।

এমপি মাসুদ উদ্দিন চৌধুরী জানান, তিনি দুর্ঘটনার বিষয়টি শুনেছেন। রিকশাচালক আইয়ুবকে আর্থিকসহ সব ধরনের সহযোগিতা ও খোঁজখবর নেওয়ার জন্য দাগনভূঞার পৌর মেয়রকে বলা হয়েছে। তিনি নিজেও প্রয়োজনীয় সহযোগিতা করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত