কুড়িগ্রামের রাজারহাটে ফতেখাঁ কারামতিয়া দাখিল মাদ্রাসার নিয়োগ পরীক্ষা গোপনে সম্পন্ন করতে গিয়ে এলাকাবাসীর হাতে গণপিটুনির শিকার হলেন মাদ্রাসার সুপার গোলাম রব্বানী।
গতকাল শনিবার দুপুরে রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউপির ফতেখাঁ কারামতিয়ার মাদ্রাসার সহকারী সুপার, পরিচ্ছন্নকর্মী, নিরাপত্তাকর্মী ও আয়া পদে লিখিত পরীক্ষার আয়োজন করে মাদ্রাসা কর্তৃপক্ষ। নিয়োগ পরীক্ষা শুরু হওয়ার আগেই নিয়োগ দিতে চেয়ে একাধিক প্রার্থীর কাছে টাকা নেওয়ার অভিযোগ ওঠে। নিয়োগ দিতে মাদ্রাসার শিক্ষক ও কমিটির লোকজন একাধিক প্রার্থীর কাছ থেকে টাকা নিয়ে গোপনে নিয়োগের চেষ্টা করলে চাকরিপ্রত্যাশীরা টাকা ফেরত পেতে হট্টগোলের সৃষ্টি করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে ডিজির প্রতিনিধি নিয়োগ পরীক্ষা স্থগিত ঘোষণা করেন।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ দ্রুত মাদ্রাসা ত্যাগ করার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় চাকরিপ্রত্যাশিত ব্যক্তি ও শিক্ষক কমিটির লোকজনের মাঝে হাতাহাতি। এ সময় মাদ্রাসার সুপার গোলাম রব্বানী দৌড়ে পালানোর চেষ্টা করলে এলাকাবাসী তাকে গণপিটুনি দিয়ে মাদ্রাসায় অবরুদ্ধ করে রাখে। পরে থানা পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।
এ বিষয়ে মাদ্রাসার সুপার গোলাম রব্বানী বলেন, ‘আমি নিয়োগ বিষয়ে কোনো প্রার্থীর কাছে টাকা নিইনি। টাকা নিয়েছেন সহকারী সুপার মাহফুজার ও খোরশেদ আলম। আমি যাতে নিয়োগে কোনো কিছু বলতে না পারি, এ জন্য আমার কাছে ব্ল্যাঙ্ক চেকে সই করে নিয়েছে।’
রাজারহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ জামান বলেন, পরিবেশ উত্তপ্ত থাকার কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে।
ডিজির প্রতিনিধি ড. আবুল কালাম আজাদ বলেন, সভাপতির অনুপস্থিতির কারণে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হয়নি।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার বলেন, ‘এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে জানতে পেরেছি মাদ্রাসায় নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে সুপারকে স্থানীয় লোকজন মেরেছে।’
