বাসাইলে সড়ক দুর্ঘটনায় আহত ব্যবসায়ীর মৃত্যু

আপডেট : ০৯ অক্টোবর ২০২২, ১১:৪৮ এএম

টাঙ্গাইলের বাসাইলে সড়ক দুর্ঘটনায় আহত আব্দুর রাজ্জাক মিয়া (৪৪) নামের এক ব্যবসায়ী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। 

শনিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে তিনি গত মঙ্গলবার রাতে বাসাইল-টাঙ্গাইল সড়কের কলেজের পশ্চিম পাশে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে গুরুতর আহত হয়।

নিহত আব্দুর রাজ্জাক মিয়া সখীপুর উপজেলার লাঙ্গুলিয়া পশ্চিম পাড়া এলাকার মৃত আজিজুল হকের ছেলে। তার লাঙ্গুলিয়া বাজরে বই বিক্রির ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে নিহত ব্যবসায়ী আব্দুর রাজ্জাক মিয়া মোটরসাইকেল যোগে টাঙ্গাইল থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে তিনি বাসাইল-টাঙ্গাইল সড়কের কলেজের পশ্চিম পাশে পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে প্রথমে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাজ্জাকের অবস্থা আরও অবনতি হলে শনিবার সকালে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। শনিবার সন্ধ্যা সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।

নিহত আব্দুর রাজ্জাকের ভাতিজা আনোয়ার হোসেন ফন্নু বলেন, এনাম মেডিকেলে মৃত্যুর পর রাজ্জাকের মৃতদেহ নিয়ে স্বজনরা বাড়ির দিকে রওনা হয়েছে। রোববার সকালে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হবে বলেও তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত