ফ্লাইট বিড়ম্বনায় সময়মতো নিউজিল্যান্ড যেতে পারেননি। ক্লান্তির ধকলে তাই ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারেননি। তাতে বাংলাদেশ হেরে গিয়েছিল ২১ রানে। অবশেষে সিরিজের দ্বিতীয় ম্যাচেই সাকিব আল হাসানের নেতৃত্বে মাঠে নেমেছিল টাইগাররা। তবে বদলায়নি ভাগ্য। নিউজিল্যান্ডের কাছে হেরেছে তারা ৮ উইকেটে। ব্যাট-বল কোনো দিক দিয়েই সুবিধা করতে পারেননি সাকিব। দলের সবার পারফর্মেন্সও ছিল যাচ্ছেতাই।
তবুও ম্যাচ হারের পর সাকিব অনেক ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন। বলেছেন, ‘ব্যাটিং নিয়ে আরও কাজ করতে হবে। তবে দলের বোলিং-ফিল্ডিং নাকি ভালো ছিল- যা ইতিবাচক।’
বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘ভেবেছিলাম তাদের স্পিনাররা এই ব্যবহৃত উইকেটে ভালো বোলিং করবে। আমরা ভালোই শুরু করেছিলাম, বড় শট খেলারও চেষ্টা করেছি। মাঝামাঝিতে দুটি উইকেট হারিয়ে মোমেন্টাম আর ফিরে পাইনি। উপরের দিকের চারজনের মধ্যে দুই জনই ১৫-১৬ ওভার পর্যন্ত খেলেছে। আমরা চেষ্টা চালিয়ে যাব। সামনে কিছু খেলা আছে, সেগুলি ডে ম্যাচ এবং আমাদের জন্য আরও ভালো হতে পারে।’
সাকিব সাধারণত টপ অর্ডারে ব্যাট করলেও আজ নেমেছিলেন সাত নম্বরে। নিচে নামার কারণ নিয়ে তিনি বলেন, ‘আমি ওপরের দিকেই ব্যাটিংয়ে নামতে পারতাম, কিন্তু যেহেতু দুই স্পিনার বোলিং করছিল, তাই আমরা লেফট-রাইট কম্বিনেশনের কথা ভেবেছি। দুটি ম্যাচেই আমাদের বোলাররা ভালো করেছে এবং ফিল্ডিংও ভালো ছিল। এসব ইতিবাচক দিক তো আছেই। ব্যাটিং নিয়ে আরও কাজ করতে হবে। ম্যাচ হারতে থাকলে এনার্জি লেভেল উঁচুতে রাখা কষ্টকর হয়ে দাঁড়ায়। সামনে বিশ্বকাপ আছে এবং আমরা মোমেন্টাম তৈরি করতে চাই।’
