শেয়ারের চেয়ে বন্ড বেশি নিরাপদ

আপডেট : ১২ অক্টোবর ২০২২, ১২:৩১ এএম

দেশের শেয়ার মার্কেটের চেয়ে বন্ড মার্কেট বেশি নিরাপদ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান। গতকাল মঙ্গলবার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই অডিটরিয়ামে ‘বন্ড মার্কেট : দ্য আল্টিমেট সলিউশন ফর লং টার্ম ফাইন্যান্সিং’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে সালমান এফ রহমান বলেন, ‘বাংলাদেশের পুঁজিবাজার শুধু ইক্যুইটি মার্কেটনির্ভর ছিল। কোনো বন্ড মার্কেট ছিল না। যেকোনো দেশের পুঁজিবাজার শক্তিশালী হতে হলে দুটি মার্কেট থাকা অনস্বীকার্য। বাংলাদেশেও বন্ড জনপ্রিয় করার উদ্যোগ নিয়েছে সরকার। তবে দেশে বন্ড মার্কেট জনপ্রিয় করার জন্য সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি ও বন্ডের দাম নির্ধারণ প্রক্রিয়া গুরুত্বপূর্ণ। কে নেবে বন্ড, কীভাবে নেবে এটা নির্ধারণ করতে হবে। আমাদের বন্ড মার্কেট কিন্তু আমাদের শেয়ার মার্কেটের চেয়ে বেশি সিকিউরড।’

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বলেন, ‘আমাদের ক্যাপিটাল মার্কেটে ফান্ডামেন্টাল একটা দুর্বলতা ছিল। বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে আমাদের অনেক মিটিং হয়েছে। তারা বলেছে এখানে যেসব দুর্বলতা আছে এগুলো দূর করতে হবে। আজকে আসলেই ঐতিহাসিক দিন। সরকারি ট্রেজারি বন্ড নিয়ে আমরা সবাই ফাইট করছি। আমাদের মার্কেটে কেন ট্রেজারি বন্ড এতদিন ছিল না। সারা বিশ্বে যেখানে ট্রেজারি বন্ড আছে, সেখানে আমাদের মার্কেটেও সবার প্রথম লিস্টেড হওয়া উচিত ছিল।’

অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, ‘দেশে বন্ড মার্কেট জনপ্রিয় করা গেলে ব্যাংকের ওপর থেকে ঋণনির্ভরতা কমবে। বন্ডের মাধ্যমে দীর্ঘমেয়াদি অর্থায়নের বিকল্প উৎস তৈরি করা গেলে খেলাপি হওয়ার ঝুঁকিও কমে আসবে। অন্যদিকে শিল্পায়নের গতিও বাড়বে।’

স্বাগত বক্তব্যে তিনি বলেন, দেশে শিল্প খাতে দীর্ঘমেয়াদি ঋণদানের জন্য কোনো প্রতিষ্ঠান নেই। ব্যাংকগুলোর জন্য স্বল্প মেয়াদে আমানত নিয়ে দীর্ঘমেয়াদে ঋণ দেওয়া কঠিন। ব্যাংকের স্বল্পমেয়াদি ঋণই খেলাপি বাড়ার মূল কারণ বলে মনে করেন তিনি। তিনি জানান, স্বল্পমেয়াদি ঋণ নিয়ে শিল্প চালুর আগেই অর্থ পরিশোধ করতে গিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েন উদ্যোক্তারা। এ ক্ষেত্রে অনেক প্রতিষ্ঠান অনিচ্ছা সত্ত্বেও খেলাপি হয়ে যায়। তাই দীর্ঘমেয়াদি ঋণের বিকল্প উৎস হিসেবে বন্ড মার্কেট অপরিহার্য।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম জানান, এরই মধ্যে পুঁজিবাজারে পারপেচুয়াল বন্ডের লেনদেন শুরু হয়েছে। অন্যান্য বন্ডের লেনদেন শুরু হলে এর জনপ্রিয়তা বাড়বে। আইএফসি বাংলাদেশে ৪ বিলিয়ন ডলারের বন্ড ছাড়তে চায় বলে জানান তিনি।

ভবিষ্যতে নারী উদ্যোক্তাদের জন্য অরেঞ্জ বন্ড, ক্ষুদ্র ও অতিক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য পিংক বন্ড চালুর পরিকল্পনা ও নতুন উদ্যোক্তাদের অর্থায়নের জন্য স্টার্টআপ বোর্ড তৈরির কাজ চলছে বলে জানান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

সেমিনারে বন্ড মার্কেট জনপ্রিয় করার ক্ষেত্রে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন এফবিসিসিআইর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ভাইস চেয়ারম্যান আরিফ খান। তিনি জানান, বাংলাদেশের জিডিপির অনুপাতে বন্ড মার্কেট মাত্র ৮ শতাংশ, যা অন্যান্য দেশের তুলনায় অনেক কম।

মূল প্রবন্ধে বন্ড জনপ্রিয় হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হিসেবে জটিল ও সময়সাপেক্ষ প্রক্রিয়া, ব্যাংক সুদের হারের উত্থান পতন, ট্রাস্টি নিবন্ধনে অনেক বেশি নিয়মকানুনকে চিহ্নিত করা হয়। পুঁজিবাজারে বন্ডের লেনদেনের সর্বনিম্ন আকার ১ লাখ টাকা এবং লেনদেন ফি ১ হাজার টাকা জানিয়ে বন্ডের লটের আকার ছোট করার পরামর্শ দেওয়া হয় সেমিনারে।

প্যানেল আলোচনায় এফবিসিসিআইর পরিচালক ও পুঁজিবাজার ও বন্ড সম্পর্কিত স্ট্যান্ডিং কমিটির ডিরেক্টর ইনচার্জ আমজাদ হোসাইন বলেন, সম্প্রতি ইস্যুকৃত বেশিরভাগ বন্ডের মাত্র ১০ শতাংশ সাধারণ মানুষের জন্য রাখা হয়েছে। বাকি ৯০ শতাংশ প্রাইভেট প্লেসমেন্ট, যেটা সাধারণভাবে লেনদেন হয় না। প্রাইভেট প্লেসমেন্টগুলোকে একটি নির্দিষ্ট লকিং পিরিয়ডের পর পাবলিক ট্রেডিং করার পরামর্শ দেন তিনি। একটি ব্যাংক যখন আরেকটি ব্যাংকের বন্ড কেনে তখন স্পেশাল পারপাস ভেহিকেল বা এসপিভির দরকার হয় না। কিন্তু করপোরেট বন্ড সাবস্ক্রাইব করতে হলে এসপিভির দরকার হয়। এ বিধানটি পুনর্বিবেচনার আহ্বান জানান আমজাদ হোসাইন।

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) এমডি ও সিইও শুভ্র কান্তি চৌধুরী বলেন, দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য বিশ্বের সব দেশেই বন্ড জনপ্রিয়। কিন্তু বাংলাদেশে বন্ডের সেকেন্ডারি মার্কেট না থাকায় জনপ্রিয় হচ্ছে না। তবে মঙ্গলবার থেকে পুঁজিবাজারে বন্ডের লেনদেন শুরু হয়েছে।

ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি রিচার্ড ডি রোজারিও বলেন, পুঁজিবাজারে লেনদেনে আসা বন্ডে বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। নিয়ন্ত্রক সংস্থাগুলোর নিয়মকানুন আরও সহজ করার তাগিদ দেন তিনি।

বন্ডের লেনদেনের চার্জ ও ডিপোজিটরি চার্জ প্রথম দিকে যতটা পারা যায় সহনীয় করার পরামর্শ দেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ারহোল্ডার পরিচালক শাকিল রিজভী।

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সাবেক সভাপতি মোহাম্মেদ নাসির উদ্দিন চৌধুরী বলেন, দীর্ঘ মেয়াদে অর্থায়নের জন্য ১০ বছরের অধিক মেয়াদি বন্ড জনপ্রিয় করতে হবে। করপোরেট বন্ডে করছাড়সহ নীতি সহায়তা দেওয়ার আহ্বান জানান তিনি। উন্মুক্ত আলোচনায় এরই মধ্যে চালুকৃত বিভিন্ন করপোরেট বন্ডের পর্যালোচনা মূল্যায়ন করা, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে সংযুক্ত করা, সুনাম রয়েছে এমন প্রতিষ্ঠানগুলোকে বন্ডে আগ্রহী করে তোলার ব্যাপারে পরামর্শ দেন বক্তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত