যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বেড়েছে ৫৪ শতাংশ

আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ১২:৫৮ এএম

চলতি বছরের প্রথম আট মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৫৩ দশমিক ৫৪ শতাংশ। এমন চিত্র প্রকাশ করেছে ইউএস অফিশিয়াল সোর্স, ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল (অটেক্সা)। চলতি বছরের জানুয়ারি-আগস্ট সময়ের পোশাক আমদানির পরিসংখ্যান প্রকাশ করেছে সংস্থাটি।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে চলতি বছরের জানুয়ারি-আগস্ট সময়ে বাংলাদেশ থেকে পোশাক আমদানি ২০২১ সালের একই সময়ের তুলনায় ৫৩ দশমিক ৫৪ শতাংশ বেড়েছে। এ ছাড়া একই সময়ে বিশ্ববাজার থেকে যুক্তরাষ্ট্রের আমদানি বেড়েছে ৩৭ দশমিক ৩৫ শতাংশ। যুক্তরাষ্ট্রের পোশাক আমদানির ক্ষেত্রে বাংলাদেশ তৃতীয় বৃহত্তম উৎস। চলতি বছরের জানুয়ারি-আগস্ট সময়ে বাংলাদেশ থেকে ৬ দশমিক ৬৪ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পোশাক আমদানি করেছে দেশটি।

২০২২ সালের প্রথম আট মাসে, চীন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি ৩৭ দশমিক ১৭ শতাংশ বেড়ে ১৫ দশমিক ৫৬ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়ায়। একই সময়ে, ভিয়েতনাম থেকে ১২ দশমিক ৮০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে, যা আগের বছরের তুলনায় ৩৩ দশমিক ৬২ শতাংশ বেশি। মার্কিন যুক্তরাষ্ট্রে শীর্ষ দশটি পোশাক সরবরাহকারী দেশের মধ্যে রয়েছে ভারত, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, দক্ষিণ কোরিয়া এবং পাকিস্তান থেকে যুক্তরাষ্ট্রের আমদানি বছরওয়ারি ভিত্তিতে যথাক্রমে ৫৬ দশমিক ৯০, ৫৬ দশমিক ৪৮, ৫১ দশমিক ৬৪, ৪২ দশমিক ৯৬ এবং ৪২ দশমিক ১৬ শতাংশ বেড়েছে।

চলতি বছরে আগস্ট পর্যন্ত দেশটিতে বাংলাদেশের পোশাক রপ্তানি ইতিবাচক প্রবৃদ্ধিতে রয়েছে। সেপ্টেম্বরেও একই ধারাবাহিকতা থাকবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তবে অক্টোবরে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের পোশাক রপ্তানিতে নেতিবাচক প্রবৃদ্ধি হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে প্রতিবেদনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত