যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি বিদ্যালয়ে গুলি চালিয়ে ১৭ জনকে হত্যার দায়ে অভিযুক্ত হন ২৪ বছর বয়সী নিকোলাস কার্জ। তবে আদালতে তার আইনজীবী বলেন, নিকোলাস পেটে থাকা অবস্থায় তার মা প্রচুর মদ পান করতেন। সেটার নেতিবাচক প্রভাব পড়েছে নিকোলাসের মস্তিষ্কে। তাই নিকোলাসকে মৃত্যুদণ্ড না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়ার আবেদন করেন তার আইনজীবী। শুনানি শেষে স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার জুরি বোর্ড নিকোলাসকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, মানসিক সমস্যা দিয়ে সহিংসতার ব্যাখ্যা দেওয়া যায় না। এমন বিচারের কারণে ভবিষ্যতে বন্দুক-হামলা কমার বদলে বাড়তে পারে।
সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনের বরাতে সিএনএন জানায়, ২০১৯ থেকে ২০২০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র হামলায় নিহতের হার সার্বিকভাবে প্রায় ৩৫ শতাংশ বেড়েছে। তবে সেগুলো সবই মানসিক সমস্যার কারণে ঘটেনি। জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০০০ থেকে ২০১৩ সাল পর্যন্ত হামলাকারীর মাত্র ২৫ শতাংশের মানসিক রোগ নিরূপণ হয়েছিল। আরও কিছু গবেষণাতেও দেখা যায়, হামলাকারীদের গুরুতর মানসিক সমস্যা থাকার হার খুবই কম। তবে ২০২০ সালে প্রকাশিত আরেক গবেষণা বলছে, ১৯৬৬ থেকে ২০১৯ পর্যন্ত হমলার ঘটনায় জড়িতদের দুই-তৃতীয়াংশেরই মানসিক সমস্যা ছিল এমন ইঙ্গিত পাওয়া যায়।
দেশটির মনোবিজ্ঞানের অধ্যাপক লিসা পেসকারা-কোভাখ ডয়েচে ভেলেকে বলেন, ‘মানসিক রোগ অবশ্যই একটা গুরুত্বপূর্ণ কারণ। কিন্তু সেটা একমাত্র নয়। আমাদের শুধু এর ওপর মনোনিবেশ করা উচিত নয়।’
২০১৮ সালের ফেব্রুয়ারিতে ফ্লোরিডার পার্কল্যান্ডের মারজোরি স্টোনম্যান ডগলাস হাইস্কুলে গুলি চালিয়ে ১৭ জনকে হত্যা করেছিলেন নিকোলাস। এর মধ্যে ১৪ জনই ছিল শিক্ষার্থী। তখনই তাকে গ্রেপ্তার করা হয়। এতদিন বিচার চলছিল নিকোলাসের। তাকে মৃত্যুদণ্ড দেওয়ার দাবি উঠেছিল ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষ থেকে। তবে শুনানি শেষে ১২ সদস্যের জুরি বোর্ড নিকোলাসকে মৃত্যুদণ্ড নয়, যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেয়। শুনানির সময় নিকোলাসের আইনজীবী মেরিসা ম্যানেইল জুরিদের সামনে তার (নিকোলাসের) মস্তিষ্ক সুস্থ-স্বাভাবিক নয় বলে দাবি করেন। এর সপক্ষে যুক্তি হিসেবে নিকোলাসের মায়ের মদপানের বিষয়টি আদালতের সামনে তুলে ধরেন। পরে জুরি বোর্ড নিকোলাসকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। আদালত জানায়, সাজা ভোগের সময় নিকোলাস প্যারোলের সুবিধা পাবেন না। রায় ঘোষণার সময় নিকোলাস আদালতে উপস্থিত ছিলেন।
