আবারও ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া

আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ১২:০৯ এএম

উত্তর কোরিয়া আরও একটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। গতকাল শুক্রবার ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। বাহিনীটি বলছে, দক্ষিণ কোরিয়ার সীমান্ত এলাকায় একাধিক যুদ্ধবিমান ওড়ানোর পর উত্তর কোরিয়া তার পূর্ব উপকূল থেকে সমুদ্রের দিকে ক্ষেপণাস্ত্রটি ছোড়ে।

চলতি বছর পিয়ংইয়ং রেকর্ডসংখ্যক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে। পিয়ংইয়ংয়ের অভূতপূর্ব এ ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে কোরীয় উপদ্বীপে উত্তেজনা বেড়ে চলেছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় রাত ১টা ৪৯ মিনিটে উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি ছুড়েছে। তার কয়েক ঘণ্টা আগেই সীমান্তের কাছে প্রায় ১০টি যুদ্ধবিমান ওড়ায় পিয়ংইয়ং। পাল্টা জবাব হিসেবে দক্ষিণ কোরিয়াও যুদ্ধবিমান ওড়ায়। প্রায় একই ধরনের ঘটনা গত সপ্তাহে ঘটেছিল।

উত্তেজনা বাড়ানোর জন্য উত্তর কোরিয়ার নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদ। তারা উত্তর কোরিয়ার এমন পদক্ষেপকে ২০১৮ সালের দ্বিপক্ষীয় সামরিক চুক্তির লঙ্ঘন বলে অভিহিত করেছে। ওই চুক্তিতে সীমান্ত এলাকায় ‘বৈরী’ কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত