বিজয়ী ও দুর্বার নারীর জন্য

আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ০১:০৭ এএম

অক্টোবর মাস ক্যানসার সচেতনতার মাস। এই মাসকে ঘিরে বাংলাদেশে প্রথমবারের মতো ব্রেস্ট ক্যানসারে সার্জারির মধ্য দিয়ে যাওয়া নারীদের জন্য ফ্যাশন ব্র্যান্ড দেশাল নিয়ে এসেছে ‘স্ব’ কালেকশন। লিখেছেন মোহসীনা লাইজু

‘B’ ছাড়াও এটা পারফেক্টলি ক্লিয়ার যে শব্দটা ‘eautiful’ তেমনি ম্যাসটেকটমি করে ব্রেস্ট রিমুভের পরও তুমি আজও তেমন যেমনটা আগে ছিলে। বরং এই বিজয়ের পর হয়েছো আরও দুর্বার। এই স্লোগান নিয়েই দেশীয় ফ্যাশন ব্র্যান্ড দেশাল নিয়ে এসেছে ‘স্ব’ কালেকশন। আত্মবিশ্বাসী নারীদের জন্য দেশালের এই ব্যতিক্রমী আয়োজন।

আয়োজনে যা আছে

‘স্ব’ মূলত দেশালের একটি অলাভজনক উদ্যোগ। ব্রেস্ট ক্যানসার চিকিৎসায় ম্যাসটেকটমি করে ব্রেস্ট রিমুভ করা নারীদের জন্য ‘স্ব’ নিয়ে এসেছে তিনটি বিশেষ প্রোডাক্ট। তা হলো ব্লাউজ, ফিলার ও ট্যাংকটপ।

ব্লাউজ : ‘স্ব’-এর বিশেষ এই ব্লাউজের ভেতরের অংশে প্রস্থেটিক ফিলার ব্যবহারের জন্য পকেট রয়েছে। ম্যাসটেকটমির ধরন অনুযায়ী প্রয়োজনে একটি বা দুটি ফিলারই ব্যবহার করতে পারবেন নারীরা। একপাশে ম্যাসটেকটমি করা নারীরা পাশে ফিলার ব্যবহার করে সামঞ্জস্য রাখার জন্য অন্যপাশে ব্রা কাপ ব্যবহার করতে পারবেন। সেটাও দেশালে পাবেন। ব্লাউজগুলো তৈরি করা হয়েছে দুই ধরনের কাপড় নিট ও ওভেন। যার ফলে ব্লাউজগুলো ফ্লেক্সিবল হয়েছে। এটা ম্যাসটেকটমি করা নারীদের সর্বোচ্চ স্বাচ্ছন্দ্য নিশ্চিত করবে। সেই সঙ্গে ওভেনের ব্লাউজগুলো শাড়ির সঙ্গে দৈনন্দিন ব্যবহারের পাশাপাশি পরা যাবে যেকোনো দাওয়াত বা অনুষ্ঠানে। প্রাথমিকভাবে দুটি মৌলিক রঙ সাদা ও কালো এই দুটি রঙে পাওয়া যাবে।

ট্যাংক টপ : শাড়ি ছাড়াও অন্য যেকোনো পোশাকের সঙ্গে ব্যবহার করতে ম্যাসটেকটমি করা নারীদের জন্য আছে ট্যাংকটপ। ট্যাংকটপগুলোতে ফিলার ব্যবহার করে কামিজ, টপস বা কুর্তির মতো যেকোনো পোশাক পরতে পারবেন। ট্যাংকটপ তৈরির ক্ষেত্রেও ব্রেস্ট ক্যানসারজয়ী নারীদের আরাম ও স্বাচ্ছন্দ্যকে প্রাধান্য দেওয়া হয়েছে। নিট কাপড় ব্যবহার করে এগুলো তৈরি করা হয়েছে।

প্রস্থেটিক ফিলার : ব্লাউজ ও ট্যাংকটপ ছাড়াও শাড়িসহ অন্যান্য পোশাকের সঙ্গে শুধু দেশালের প্রোডাক্ট ফিলার ব্যবহার করতে পারবেন নারীরা। এ ক্ষেত্রে নিজের সুবিধামতো ব্রা’র ভেতরে ফিলার ব্যবহার করতে হবে। পলিফাইবারে তৈরি এই ফিলারগুলো খুবই হালকা, তাই ব্যবহার করাও সহজ। আবার সহজে ধুয়েও ব্যবহার করা যাবে।

এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে দেশালের হেড অব মার্কেটিং শারমিন খানম অদিতি বলেন, ‘বাংলাদেশে ২০২০ সালে ক্যানসার আক্রান্তদের মধ্যে ১৯ শতাংশ ছিল ব্রেস্ট ক্যানসার আক্রান্ত নারী। এই রোগীদের একটি বড় অংশকে সার্জারি করে ব্রেস্ট রিমুভের (ম্যাসটেকটমি) মাধ্যমে চিকিৎসা নিতে হয়। এর ফলে পরে অনেক নারী অবসাদ, হীনমন্যতাসহ বিভিন্ন মানসিক সমস্যার মুখোমুখি হন। তাদের এই সমস্যা সমাধানে ক্যান্সারজয়ী নারীদের কিছুটা সাহায্যেই দেশাল এর এই উদ্যোগ মূলত।’

তৈরির প্রতিটি ধাপে ব্রেষ্ট সার্জারির মধ্য দিয়ে যাওয়া নারীদের মধ্যে ট্রায়ালের মাধ্যমে ডেভেলপ করা হয়েছে সবগুলো প্রোডাক্ট। এই ট্রায়ালের প্রতিটি ধাপেই দেশালের কালেকশনটি বেষ্ট ক্যানসারজয়ী নারীদের জন্য নিরাপদ বলে প্রমাণিত হয়েছে। এ প্রসঙ্গে অদিতি আরো জানান, প্রোডাক্ট ডেভেলপ করতে ডাক্তার, গাইনোকলজি, অনকোলোজিস্ট ও ম্যাসটেকটমি করা নারীদের কাছ থেকে পরামর্শ নিয়ে করা হয়েছে।

পরামর্শ দিয়ে যারা পাশে ছিলেন তারা হলেন ক্যানসার সোসাইটির যুগ্ম মহাসচিব অধ্যাপক ড. গোলাম মহিউদ্দিন ফারুক, এভার কেয়ার হাসপাতালের ক্যানসার কেয়ার সেন্টারের অনকোলোজিস্ট ড. নারিতা খুরশীদ, ডেল্টা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের চর্মরোগ বিশেষজ্ঞ ড. আয়শা সিদ্দিকা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. এন কে নাতাশা। এ ছাড়া ক্যানসার সোসাইটির মাধ্যমে ১০০ জন ম্যাসটেকটমি করা নারীকে উপহারও দেওয়া হচ্ছে।

কখন ব্যবহার করতে পারবেন

ব্রেস্ট ক্যানসারজয়ী নারীরা তাদের রেডিওথেরাপি সেশন শেষ করার পরই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্লাউজ, ফিলার ও ট্যাংকটপ ব্যবহার করতে পারবেন।

দামদর

বিশ্বব্যাপী নারীদের জন্য এমন ধরনের প্রোডাক্ট যথেষ্ট ব্যয়বহুল। অথচ বাংলাদেশর নারীদের কথা মাথায় রেখে ‘স্ব’র ক্রয়মূল্য রেখেছে ক্রেতাদের একদম নাগালে। ‘স্ব’র প্রতিটি ফিলারের দাম ১৪৯ টাকা, নিট ব্লাউজ ৬৫১ টাকা, ওভেন ব্লাউজ ৭৪৪ ও ট্যাংকটপ ৫১২ টাকা। এমনকি প্রয়োজনে ব্যবহারের জন্য প্রস্থেটিক ফিলার যেন নারীরা নিজেরাও তৈরি করে নিতে পারে এজন্য দেশালের ওয়েবসাইটে এটি তৈরির সম্পূর্ণ টিউটোরিয়াল পাওয়া যাচ্ছে। নিজস্ব আউটলেট ও ওয়েবসাইট থেকেও কিনতে পারবেন। চাইলে ওয়েবসাইটের মতামত দেওয়ারও সুযোগ পাবেন।

ব্লাউজ ও ফিলার ধোয়ার নিয়ম

হাতে ওয়াশ করতে হবে। ধোয়ার পর রোদে না শুকিয়ে ছায়ায় শুকান। ব্লাউজ আয়রন করতে পারবেন কিন্তু ফিলার আয়রন করা যাবে না। ফিলার মোচড়ানো যাবে না। ব্লাউজে ব্লিচও ব্যবহার করতে পারবেন না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত