মহাসড়কে গাছ ফেলে ২০ গাড়িতে ডাকাতি

আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ০৫:০৫ এএম

ঢাকা-সিলেট পুরনো মহাসড়কে প্রায় ২০টি যানবাহনে ডাকাতি হয়েছে। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে হবিগঞ্জের বাহুবল উপজেলার কামাইছড়া পুলিশ ফাঁড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে পাহাড়ি এলাকায়।

ডাকাতরা প্রায় ১০ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে বলে জানিয়েছেন যাত্রীরা। 

ডাকাতের কবলে পড়া যাত্রীদের মধ্যে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ^বিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপ-উপাচার্য (প্রশাসন) ও সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন। তিনি সাংবাদিকদের বলেন, ওই দিন রাতে তার গ্রামের বাড়ি মৌলভীবাজারের নাজিরপুর থেকে সস্ত্রীক প্রাইভেট কারে ঢাকায় যাচ্ছিলেন। রাত আনুমানিক সোয়া ১০টার দিকে পুরনো কামাইছড়া পুলিশ ফাঁড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে মহাসড়কের মাঝ বরাবর একটি বড় গাছ দেখে চালক গাড়িটি দাঁড় করেন। এ সময় ১০-১২ জনের একটি দল তাদের ওপর চড়াও হয়। তাদের হাতে ছিল রাম দাসহ বিভিন্ন ধারালো অস্ত্র। ডাকাতরা অস্ত্রের মুখে প্রথমে তার ও চালকের মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয়। এরপর ডাকাতরা তার গাড়ির সামনে ও পেছনে দাঁড়িয়ে থাকা কয়েকটি প্রাইভেট কার, ট্রাক, বাস ও মাইক্রোবাসসহ অন্যান্য গাড়িতে থাকা যাত্রীদের মালামাল লুটে নেয়।

ডা. ছয়েফ উদ্দিন বলেন, ডাকাতরা আবার তাদের ওপর চড়াও হয়। তার আরেকটি ফোনসেট, স্ত্রীর হাতের বালা, মোবাইল ফোন, পোশাক ও জরুরি কাগজপত্র ভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়। তিনি  জানান, ডাকাতদের মাথায় ও মুখের কিছু অংশ কাপড় দিয়ে ঢাকা ছিল। তার ধারণা, তাদের বয়স ২৫-৩০ বছরের মধ্যে হবে। প্রায় আধা ঘণ্টা ধরে লুটপাটের পর পুলিশ ঘটনাস্থলে এলে ডাকাতরা পাহাড়ের দিকে পালিয়ে যায়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছেন তিনি।

এ ব্যাপারে বাহুবল থানার ওসির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ডাকাতি হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। দেশ রূপান্তরকে তিনি বলেন, তিনটি গাড়িতে ডাকাতি হওয়ার খবর পেয়েছেন।

বাহুবল সার্কেলের দায়িত্বে থাকা সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল খয়ের জানান, এ পর্যন্ত কেউ আটক বা মামলা হয়নি। ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত