শাপলা সেন্টার নয় পাসপোর্ট জমা নেবে সৌদি দূতাবাস

আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ০৭:০৪ এএম

তৃতীয় পক্ষের মাধ্যমে সৌদি আরবগামীদের পাসপোর্ট জমা নিয়ে তৈরি হওয়া জটিলতার অবসান হয়েছে। শাপলা সেন্টার নয়, সৌদিগামী কর্মীদের পাসপোর্ট জমা ও ভিসা দেওয়ার কাজ আগের মতো ঢাকার সৌদি আরবের দূতাবাস থেকে করা হচ্ছে। এ পরিস্থিতি তৈরির জন্য দায় স্বীকার করে নিয়েছে জনশক্তি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা)।

গতকাল রবিবার ঢাকায় সৌদি দূতাবাসে রাষ্ট্রদূত ঈসা বিন ইউসূফ আল দুহাইলানের সঙ্গে বৈঠক করেন বায়রার সদস্যরা। এ প্রসঙ্গে সৌদি দূতাবাস জানিয়েছে, শাপলা সেন্টার নামে কোনো প্রতিষ্ঠানকে পাসপোর্ট জমা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়নি। পরবর্তী নোটিস না দেওয়া পর্যন্ত ঢাকার সৌদি দূতাবাস পাসপোর্ট জমা নেবে। এর আগে গত শনিবার বায়রার পক্ষ থেকে দাবি করা হয়, সৌদিগামী কর্মীদের পাসপোর্ট জমা ও ভিসা স্ট্যাম্পিংয়ের দায়িত্ব সৌদি দূতাবাসের পক্ষ থেকে সম্প্রতি ‘শাপলা সেন্টার’ নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে।

বৈঠক সম্পর্কে বায়রার সহসভাপতি শামীম নোমান চৌধুরী গতকাল রবিবার রাতে দেশ রূপান্তরকে বলেন, আজ (গতকাল) সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বায়রার সভাপতি, তিনি ও ভাইস প্রেসিডেন্ট বৈঠক করেছেন। আসলে এখানে একটি ভুল বোঝাবুঝি হয়েছে। আমরা সে জন্য দুঃখিত। রাষ্ট্রদূত বলেছেন, গত ৭ অক্টোবরের নোটিসে বলা হয়েছে, পাসপোর্টসহ সব কার্যক্রম দূতাবাসেই হবে। এরপর দূতাবাস তো আর কোনো নোটিস দেয়নি। তারপরও বায়রার গত শনিবার মিডিয়াকে ডেকে এ কথা বলা ঠিক হয়নি বলে মন্তব্য করেন সৌদি রাষ্ট্রদূত। রাষ্ট্রদূতের এ বক্তব্যে বায়রার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে বলে জানান শামীম নোমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত