গায়ক আকবরের ডান পা কেটে ফেলা হলো। রাজধানীর রামপুরার বেটার লাইফ হাসপাতালে তার অস্ত্রোপচার হয়। গায়কের স্ত্রী কানিজ ফাতেমা বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেন।
এদিকে আকবরের মেয়ে অথৈ এক ফেসবুক পোস্টে লেখেন, 'আব্বুর অপারেশন শেষ হয়েছে। আব্বুর ডান পা কেটে ফেলে দিয়েছে। খুব কষ্ট হচ্ছে আমার। আব্বুর দিকে আমি তাকাতে পারছি না। আমি কিছুতেই মানতে পারছি না আমার আব্বুর পা নেই। আল্লাহ তুমি আমাদের সাথে এমন কেন করলে? সবাই আব্বুর জন্য দোয়া করবেন।'
দীর্ঘদিন ধরে নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছিলেন আকবর। ডায়াবেটিস ও কিডনির জটিলতা নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার জন্য অনুদান দেন।
