অসময়ে যমুনার পানি বেড়ে তলিয়েছে ফসলি জমি

আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ১২:১৭ এএম

উজানে ভারী বৃষ্টির কারণে অকালে যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জামালপুরের ৫টি উপজেলার নিচু এলাকার ১১৯০ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। এতে ৫টি উপজেলার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে।

 জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, যমুনার পানি কয়েকদিন ধরে বৃদ্ধি পাওয়ায় জেলার ১১৯০ হেক্টর ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। জেলায় আমন ধানের ৭২১ হেক্টর জমি, মরিচ ১৪৩ হেক্টর, পেঁয়াজ ২১ হেক্টর, ভুট্টা ১৭৫ হেক্টর, মাষকলাই ৭৭ হেক্টর, শাক-সবজির ৫৬ হেক্টর জমি পানিতে ডুবে গেছে। জেলার সদর উপজেলা, দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ, সরিষাবাড়ি উপজেলায় নদীর পানি বৃদ্ধি পাওয়ায় এসব ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে।

সরেজমিনে মেলান্দহ উপজেলার কয়েকটি এলাকায় দেখা যায়, আমন ধান, মরিচ, ভুট্টা, পেঁয়াজ, মাষকলাই ও বিভিন্ন ধরনের শাক-সবজির ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। অনেক কৃষক ক্ষেতে যেন পানি না ঢুকতে পারে সেজন্য ক্ষেতের চারপাশে আল তৈরি করে মাটি দিয়ে উঁচু করে দিচ্ছেন।

উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের কান্দারপাড়া এলাকার কৃষক রজব আলী বলেন, আমার ৬০ বছর বয়সে এমন অসময়ে নদীর পানি কখনো বাড়তে দেখিনি। কয়েকদিন থেকে পানি বাড়ছে। পানি বাড়ায় ৭৭ শতাংশ ক্ষেতের ধান তলিয়ে গেছে। অনেক ক্ষতি হয়ে গেল। আরেক ধান না আসা পর্যন্ত কীভাবে চলব।  

পানি উন্নয়ন বোর্ডের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টের পানি পরিমাপক আবদুল মান্নান বলেন, উজানে ভারী বৃষ্টির কারণে হঠাৎ পানি বেড়েছে। 

জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাকিয়া সুলতানা জানান, হঠাৎ করে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলার ৫টি উপজেলার নিচু এলাকার ১১৯০ হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। পানি নেমে গেলে ক্ষতির পরিমাণ বলা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত