সেচযন্ত্র বসাতে গিয়ে মাটির নিচে মিলল হ্যান্ড গ্রেনেড

আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ১২:২৫ এএম

দিনাজপুরের ফুলবাড়ীতে সেচযন্ত্র (শ্যালো মেশিন) বসানোর জন্য মাটি খুঁড়তে গিয়ে একটি মরিচাপড়া গ্রেনেড উদ্ধার করা হয়েছে। গত রবিবার রাত ৮টার দিকে দৌলতপুর ইউনিয়নের ভবনচুর গ্রামের কৃষক আবদুর রাজ্জাকের কলাবাগান থেকে গ্রেনেডটি উদ্ধার হয়। এটি মুক্তিযুদ্ধের সময়ের বলে ধারণা করছে পুলিশ।

জানা গেছে, রবিবার সন্ধ্যায় কৃষক আবদুর রাজ্জাকের কলাবাগানে শ্যালো মেশিন স্থাপনের পাইপ বসাতে মাটি খোঁড়ার (বোরিং) কাজ চলছিল। হঠাৎ করে পাইপ দিয়ে পানি ওঠা বন্ধ হয়ে যায়। পরে মিস্ত্রিরা পাইপটি ওপরে তুললে এর মুখে মরিচাপড়া গ্রেনেডসদৃশ লোহার বস্তু আটকে থাকতে দেখেন। তখন আবদুর রাজ্জাক সেটি পাশের খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হকের কাছে জমা দেন। চেয়ারম্যান পুলিশকে বিষয়টি জানান। এরপর পুলিশ গ্রেনেডটি উদ্ধার করে ফুলবাড়ী থানায় নিয়ে আসে।

এ প্রসঙ্গে ইউপি চেয়ারম্যান এনামুল হক দেশ রূপান্তরকে বলেন, ‘আব্দুর রাজ্জাক গ্রেনেডটি পেয়ে আমার কাছে আনলে সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে অবগত করি। পরে খয়েরবাড়ীর বিট পুলিশ কর্মকর্তা এসআই রেজাউল করিম গ্রেনেডটি উদ্ধার করে নিয়ে যান।’ এসআই রেজাউল করিম বলেন, ‘গ্রেনেডটি অনেক পুরনো। সম্ভবত মুক্তিযুদ্ধ চলার সময়ের হতে পারে। গ্রেনেডটি পানি ভর্তি বালতিতে চুবিয়ে রাখা হয়েছে। এছাড়া ঊর্ধ্বতন কর্র্তৃপক্ষকে জানিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গ্রেনেডটি নিষ্ক্রিয় করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত