ওটিটি প্ল্যাটফর্মগুলো সাবস্ক্রাইব করলে আরও ভালো কাজ হবে

আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ১১:২৪ পিএম

ওয়েব সিরিজ ‘দুই দিনের দুনিয়া’য় অভিনয় করে এখন প্রশংসায় ভাসছেন নন্দিত অভিনেতা ফজলুর রহমান বাবু। এ মাসেই শুরু হচ্ছে নতুন সিনেমার শ্যুটিং। সমসাময়িক বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ

সাড়া...

সত্যি আমি অভিভূত। ‘দুই দিনের দুনিয়া’ ওয়েব সিরিজটি চরকিতে প্রকাশের পর থেকে দারুণ সাড়া পাচ্ছি। শুধু এই কাজটিই নয়, গত দেড়-দুই বছরে যে কটি কাজ করেছি, প্রতিটি কাজ দর্শক সাদরে গ্রহণ করেছে। এটা একজন অভিনেতার জন্য পরম সৌভাগ্য। এখন আসলে গল্পনির্ভর কাজ হচ্ছে, প্রতিটি কাজে এক্সপেরিমেন্ট হচ্ছে এবং কাজগুলো প্রযোজক-পরিচালক থেকে শুরু করে শিল্পী, কলাকুশলীসহ প্রত্যেকে দারুণ যতœ নিয়ে করছে। যে কারণে দর্শকও কাজগুলো উপভোগ করছে। ‘দুই দিনের দুনিয়া’র ব্যাপারে বলব এই গল্পতে যে ক্যামিস্ট্রি আছে, সেটিই হয়তো দর্শকের আগ্রহ ধরে রাখছে।

অভিজ্ঞতা...

কাজটির নির্মাতা অনম বিশ^াস একটু বেশি চুপচাপ স্বভাবের। তবে কাজটি জেনে-বুঝে করেন। কাজটি ভালো করার জন্য যা যা দরকার, সব ধরনের সাপোর্ট পাওয়া যায়। তিনি শিল্পীকে প্রকাশ করার স্বাধীনতাটা দেন। তার সঙ্গে এই প্রথম কাজ করলাম। আরও অনেক কাজ করতে চাই, যদিও তিনি খুবই কম কাজ করেন (হাহাহা)। তার পরিচালনায় ‘দেবী’ ছবিটি দেখে ভালো লেগেছিল, এবার কাজ করতে গিয়েও ভালো অভিজ্ঞতা হয়েছে। আমার সহশিল্পী হিসেবে ছিলেন চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদসহ অনেকে। প্রত্যেকে মনোযোগ দিয়ে কাজটি করেছে।

অসুবিধা...

আমাদের কাজ ভালো হচ্ছে, কিন্তু ভালোর শেষ নেই। আরও ভালো করা সম্ভব। এর জন্য সবচেয়ে বড় অসুবিধা হলো সময়। কাজ করতে গিয়ে খেয়াল করেছি, যে কাজটি হয়তো ১৫ দিনে করা উচিত, সেটি আমাদের ১০ দিনে শেষ করতে হয়। এর ফলে শুধু শিল্পীরাই নন, ইউনিটের প্রত্যেকে এক্সট্রা চাপ নিয়ে কাজ শেষ করেন।

যার নেতিবাচক প্রভাব অবশ্যই একটু হলেও কাজের মধ্যে পড়ে। তাই আমি দর্শকদের বলব, আপনারা দেশের ওটিটি প্ল্যাটফর্ম কিংবা দেশের সিনেমার পাশে দাঁড়ান। আমরা আপনাদের পছন্দসই ও যুগোপযোগী কনটেন্ট দেওয়ার জন্যই পরিশ্রম করছি। আপনারা যদি ওটিটি প্ল্যাটফর্মগুলো সাবস্ক্রাইব করে দেখেন, টিকিট কেটে সিনেমা হলে যান, তাহলে প্রযোজকরা আর্থিকভাবে লাভবান হবেন। তখন তারা আরও বড় বাজেটের ভালো কাজ উপহার দিতে পারবেন।

নতুন দুই সিনেমা...

এ মাসের ২৫ তারিখ থেকেই নতুন একটি ছবির শ্যুটিং শুরু করব। অরণ্য আনোয়ার পরিচালিত এই সিনেমার কাহিনী হাওর অঞ্চলের। আমার চরিত্রটিও খুব ভালো লেগেছে। এরপরই শুরু করব অর্ণব নামে তরুণ এক নির্মাতার সরকারি অনুদানপ্রাপ্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজ। নারী ফুটবলারদের নিয়ে নির্মিত এই ছবিটির কাজ হবে রাঙ্গামাটিতে। ছবিটি স্বল্প ও পূর্ণদৈর্ঘ্য দুভাবেই নির্মিত হবে। এ ছাড়া আশফাক নিপুনের নতুন ওয়েব সিরিজের কাজ ধরব নভেম্বরের ১৫ তারিখ থেকে। মুক্তির অপেক্ষায় আছে বঙ্গবন্ধুর বায়োপিক, ব্ল্যাক ওয়ার, জলে জ¦লে তারা, ভাঙনসহ বেশ কিছু সিনেমা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত