মরদেহ ধরে শিশুটি বলছিল ‘আম্মুকে ডাক্তার দেখাও’

আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ০৪:৪৭ এএম

হাসপাতালে মায়ের মরদেহ ছুঁয়ে দাঁড়িয়ে আছে পাঁচ বছরের অবুঝ শিশু আরিয়ান। ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে আর বলছে, ‘আম্মুকে ডাক্তার দেখাও।’ শিশুটির উত্তর দিচ্ছিল না কেউ। এদিক-ওদিক তাকিয়েও থামছিল না তার কান্না। অথচ গতকাল সকালে আরিয়ানকে ডাক্তার দেখানোর জন্য একটি অটোরিকশায় যাচ্ছিলেন তার মা শাকিলা আক্তার ও বাবা মোস্তফা কামাল। পথে অটোরিকশাটিকে একটি বাস ধাক্কা দিলে ছিটকে পড়েন তারা। এতে প্রাণ হারান মা শাকিলা আক্তার (২৫)। ভাগ্যক্রমে বেঁচে যায় বাবা ও ছেলে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সরকারহাট এলাকায় পিএবি সড়কে দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, বাবা মোস্তফা কামাল কোরিয়ান ইপিজেডের একটি পোশাক কারখানায় চাকরি করেন। তাদের বাড়ি উপজেলার বারশত ইউনিয়নের গোবাদিয়া গ্রামে। গতকাল সন্তানকে নিয়ে অটোরিকশায় করে ডাক্তারের কাছে যাওয়ার সময় শহরগামী একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শাকিলাকে মৃত ঘোষণা করেন বেলা সাড়ে ১১টায়। দুপুরের দিকে শাকিলার মরদেহ যে স্ট্রেচারে ছিল। সেই স্ট্রেচার ধরে দাঁড়িয়েছিল শিশু আরিয়ান। সে বারবার তার মাকে ছুঁয়ে দেখছিল।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাছান বলেন, বাসটি জব্দ করা হয়েছে। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরও পাঁচজন নিহত হয়েছে। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

মির্জাপুরে বাসচাপায় নির্মাণশ্রমিক নিহত : টাঙ্গাইলের মির্জাপুরে বাসের চাপায় এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। তার নাম এলিম সিকদার (৪২)। গতকাল মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার পাকুল্যা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। এলিম সিকদার মির্জাপুর পৌরসভার বাওয়ার কুমারজানী পূর্ব পাড়ার বদর সিকদারের ছেলে।

পুলিশ জানায়, প্রতিদিনের মতো কাজ করার জন্য সকালে এলিম বাড়ি থেকে বের হয়ে যান। সোয়া ৮টার দিকে মহাসড়কের পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছে মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী দ্রুতগতির একটি বাস তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাগুরায় বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত : মাগুরায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই শ্রমিক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে ঝিনাইদহ সড়কের ইছাখাদা ছোট ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মাগুরা সদর উপজেলার লাঘবদাইড় ইউনিয়নের মাঝাইল গ্রামের মিলন মন্ডল (২৫) ও একই গ্রামের ওয়াসিম মোল্যা (২২)। মিলন ম-ল পেশায় নির্মাণশ্রমিক ও ওয়াসিম স্থানীয় একটি হোটেলের বাবুর্চি ছিলেন।

পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা জানান, মিলন ও ওয়াসিম সকালে মাগুরা শহরে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন। পথে সদর উপজেলার ঈছাখাদা ছোট ব্রিজ এলাকায় সংযোগ সড়ক থেকে মূল সড়কে উঠতে গেলে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহনের একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুজনকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক অমর প্রসাদ তাদের মৃত ঘোষণা করেন।

নন্দীগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের : বগুড়ার নন্দীগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় আবু বক্কর সিদ্দিক (৫৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। অ্যাম্বুলেন্সটি আটক করেছে কুন্দারহাট হাইওয়ে পুলিশ।

গতকাল মঙ্গলবার সকাল ৬টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম পৌরসভা এলাকার ওমরপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু বক্কর উপজেলার সদর ইউনিয়নের ডেরাহার গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে।

জানা গেছে, ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ে আবু বক্কর সকালে ওমরপুর বাজারে যান। তিনি যাত্রী ওঠানোর জন্য ভ্যান নিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন। এমন সময় নাটোর থেকে বগুড়াগামী একটি অ্যাম্বুলেন্স এসে অটোভ্যানে ধাক্কা দেয়। ভ্যানচালক মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন অ্যাম্বুলেন্স আটক করে। তবে চালক কৌশলে পালিয়ে যান।

কুন্দারহাট হাইওয়ে থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, অ্যাম্বুলেন্সের ধাক্কায় নিহত ভানচালকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে ইউডি মামলা হয়েছে।

জিপিএইচে নিহত ১ আহত ১ : চট্টগ্রামের সীতাকুন্ডের জিপিএইচ ইস্পাত লিমিটেড নামের কারখানায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নে অবস্থিত জিপিএইচ ইস্পাত লিমিটেডের নিজস্ব একটি ট্রাক নিয়ন্ত্রণ হারালে এ  দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম বরুণ কুমার ত্রিপুরা (৩০)। তিনি খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার দক্ষিণ শাখামারা গ্রামের সুভাষচন্দ্র ত্রিপুরার ছেলে। আহত ব্যক্তির নাম মিল্লাত হোসেন। তিনি সীতাকুন্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের উকিলপাড়ার আবুল কালামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাইরে থেকে কারখানার ভেতর প্রবেশ করছিল জিপিএইচ ইস্পাত কারখানার নিজস্ব মালিকানাধীন একটি গাড়ি। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে গেটের পাশে থাকা সিকিউরিটি গার্ডের দুজনকে চাপা দিলে ঘটনাস্থলে একজন নিহত ও অপরজন গুরুতর আহত হন। আহত ব্যক্তিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান কারখানার কর্মরত শ্রমিকরা।

সীতাকুন্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সিদ্ধান্তের ওপর পরবর্তী ব্যবস্থা নির্ভর করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত