সাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে

আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ০১:৩৫ পিএম

আন্দামান সাগর ও এর আশপাশ এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এবং আগামী তিন দিনে লঘুচাপটি ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ বুধবার (১৯ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ভোলায় ৩৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর এ সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। 

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মোংলায় ২০ মিলিমিটার। এ ছাড়া সীতাকুণ্ডে ১৩, রাঙামাটিতে ১০, কুমিল্লায় ও সন্দ্বীপে ৭, ফেনীতে ৬, চট্টগ্রামে ৩ ও খুলনায় ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের উত্তরাঞ্চল হতে বিদায় নিয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের অবশিষ্টাংশ থেকে বিদায় নেওয়ার আবহাওয়াগত অবস্থা অনুকূলে রয়েছে। মৌসুমি বায়ু উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত