ফের নতুন ছবিতে আসাদুজ্জামান নূর

আপডেট : ২০ অক্টোবর ২০২২, ১১:৩১ পিএম

নিজেকে কিংবদন্তি অভিনেতা ভাবেন না আসাদুজ্জামান নূর। বরং নিজের অভিনয় দক্ষতা হ্রাস পাচ্ছে বলে জানালেন তিনি। বললেন, ‘আমরা যারা রাজনীতিতে যুক্ত হয়েছি, আমাদের ব্যক্তিগত জীবনটি তেমন নির্ঝঞ্ঝাট নয়। যে কারণেই হয়তো আমি অভিনয় অনেক কম করি বা করি না বললেই চলে। দীর্ঘদিন অভিনয় না করার ফলে, যেটা বলা হয় অনভ্যাসে বিদ্যা হ্রাস পায়। আমারও বিদ্যা হ্রাস পেয়েছে। এতে কোনো সন্দেহ নেই।’ নূর জানান, ‘আগে যেমন নিয়মিত অভিনয় করতাম, সেই সময়কার দক্ষতা এখন অনেকটাই হারিয়ে গেছে। তবুও আমার সবটুকু দিয়ে চেষ্টা করব।’

গতকাল ‘জয় বাংলা ধ্বনি’ নামের সরকারি অনুদানের একটি ছবির সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এ ছবিতে তিনি অভিনয় করছেন। রাজনৈতিক ব্যক্তিত্ব শাজাহান খানের গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে ছবিটি। খ ম খুরশীদের পরিচালনায় এতে আরও অভিনয় করবেন নিরব, সুনেরাহ বিনতে কামালসহ অনেকে।

সংবাদ সম্মেলনে সঞ্চালক থেকে শুরু করে বিভিন্ন বক্তা আসাদুজ্জামান নূরকে কিংবদন্তি শিল্পী হিসেবে আখ্যায়িত করেন। নিজের নামের সঙ্গে এই শব্দে আপত্তি তুলে নূর বললেন, ‘আমাকে পরিচয় করানোর জন্য কিংবদন্তি শব্দটি কয়েকবার ব্যবহার করা হয়েছে। এই শব্দটি বহুবার ব্যবহৃত হতে হতে খুব মলিন হয়ে গেছে। এটি ব্যবহার কম বা না করাই ভালো। আমার চোখে কিংবদন্তি শিল্পী বলতে যাদের বুঝি, যেমন গোলাম মোস্তাফা আছেন, আনোয়ার হোসেন আছেন কিংবদন্তি শিল্পী। আমরা ওই পর্যায়ের শিল্পী এখনো হতে পারিনি বলে আমি বিশ্বাস করি।’

শাজাহান খানের অনুরোধেই সিনেমাটিতে যুক্ত হয়েছেন বলে জানালেন আসাদুজ্জামান নূর। তার ভাষ্য, ‘এই ছবিতে আসার পেছনের গল্প মূলত শাজাহান ভাই। যিনি বীর মুক্তিযোদ্ধা, তার আবেগ দিয়ে, অভিজ্ঞতা, দেশপ্রেম দিয়ে তিনি একটি ইতিহাসকে ধারণ করবার চেষ্টা করেছেন তার কাহিনীর মধ্য দিয়ে। সে কারণে তার যে অনুরোধ, সেটা রাখাটা আমার জন্য অনিবার্য হয়ে পড়ে।’ এই সিনেমায় আসাদুজ্জামান নূরকে দেখা যাবে শম্ভু রাজাকারের চরিত্রে। অন্যদিকে মুক্তিযোদ্ধার ভূমিকায় থাকছেন চিত্রনায়ক নিরব। তিনি বলেন, ‘খুরশীদ ভাইয়ের সঙ্গে এই ছবিটার মিটিং যখন করি, তখন আমি খুব ইমোশনাল হয়ে গিয়েছিলাম। যখন জানলাম, এই গল্পটা আমাদের পছন্দের শাজাহান খান এমপির লেখা, তখন আমার মনে হলো যেখান থেকে গল্পটার উৎপত্তি হওয়া উচিত, সেখান থেকেই হয়েছে। এজন্য খুব ভালো লাগল। আর খুরশীদ ভাই যখন এমপি সাহেবের কাছ থেকে গল্প নিতে পারেন, সেখানে যখন আসাদুজ্জামান নূরের মতো একজন অভিনয় করতে পারেন, এই গল্প তো অবশ্যই ভালো কিছু হবে।’

‘জয় বাংলার ধ্বনি’ সিনেমার কাহিনীকার হিসেবে রাষ্ট্রীয় কোষাগার থেকে একটি সম্মানী পেয়েছেন শাজাহান খান। ৪৫ হাজার টাকার সেই চেক তার হাতে তুলে দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে মাইক্রোফোনের সামনে বসে তিনি নিজের অনুভূতি জানিয়ে বলেছেন, “আপনারা আমাকে জানেন একজন দেশপ্রেমিক ও রাজনৈতিক কর্মী হিসেবে। আমার পেশা রাজনীতি, পাশাপাশি একজন ট্রেড ইউনিয়নিস্ট। আজ এক ভিন্ন আঙ্গিকে আপনাদের কাছে হাজির হয়েছি। তা হলো ‘জয় বাংলা ধ্বনি’ চলচ্চিত্রের কাহিনীকার হিসেবে। দেশের মুক্তিযুদ্ধের এই গল্পটা যাতে সাধারণ মানুষের কাছেও পৌঁছে যায়, সেজন্য আমি সিনেমার জগতে এসেছি।”

উল্লেখ্য, ২০২১-২২ অর্থবছরে সিনেমাটি ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে।

আসাদুজ্জামান নূর সম্প্রতি আরেকটি নতুন চলচ্চিত্রে যুক্ত হয়েছেন। সরকারি অনুদানের ‘চাঁদের অমবস্যা’ নামের সেই ছবিটি পরিচালনা করছেন জাহির রহিম অঞ্জন। সৈয়দ ওয়ালীউল্লাহর উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে ছবিটি। সামনেই উপন্যাসটি প্রকাশের ১০০ বছর পূর্তি হবে। মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জের নদীর চারপাশের মনোরম কিছু লোকেশনে এ চলচ্চিত্রের শ্যুটিং হয়েছে। এতে আরও অভিনয় করেছেন ইরেশ যাকের, তনয়, দিপান্বিতা মার্টিন, শাহানাজ সুমিসহ বেশ ক’জন জনপ্রিয় শিল্পী। আছেন আরও ক’জন শিশুশিল্পী ও স্কুলের শিক্ষক। জানা গেছে, ছবিটির শ্যুটিং শেষ এরইমধ্যে শেষ হয়েছে। বর্তমানে ডাবিং ও সাউন্ডের কাজ চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত