রাজধানী উত্তরায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানার নিজস্ব ভবন নির্মাণের জন্য জমি বরাদ্দের দাবিতে মানববন্ধন ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
শনিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে উত্তরা চৌরাস্তা সোনারগাঁ জনপথ জমজম টাওয়ারের পশ্চিম পাশে এই কর্মসূচির আয়োজন করে উত্তরা ওয়েলফেয়ার সোসাইটি।
সোসাইটির দাবি দীর্ঘ সময় ধরে সোনারগাঁ জনপথে কমার্শিয়াল প্লটগুলো দখল করে চাঁদাবাজির নৈরাজ্য গড়ে ওঠেছে। নামে বেনামে দলের প্রভাব খাটিয়ে কমার্শিয়াল প্লটগুলোতে দোকানপাট গড়ে ওঠেছে। এসব প্লটে থানার নিজস্ব ভবন তৈরি করার জন্য বরাদ্দ দিলে সাধারণ জনগণ উপকৃত হবে।
ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাবিব হাসান দেশ রূপান্তরকে বলেন, গত ১৯ অক্টোবর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজুক) চেয়ারম্যান বরাবর আমার স্বাক্ষরিত ডিও লেটার দেয়া হয়েছে। সেখানে উত্তরা পশ্চিম থানার নিজস্ব ভবন নির্মাণের জন্য ৩১, ৩৩ ও ৩৫ এর মোট ৩০ কাঠা জমি বরাদ্দের সুপারিশ করা হয়েছে। এছাড়াও রাজুকের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। থানাটি যাতে নিজস্ব ভবনে যেতে পারে সেজন্য সবাই চেষ্টা করে যাচ্ছে।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন দেশ রূপান্তরকে বলেন, উত্তরা ওয়েলফেয়ার সোসাইটির মানববন্ধন ও শান্তিপূর্ণ কর্মসূচি নিজ উদ্যোগে করছে। এখানে সাধারণ জনগণ সম্পৃক্ত।
তিনি আরও বলেন, উত্তরা পশ্চিম থানার নিজস্ব জমি না থাকার কারণে বিল্ডিং ভাড়া নিয়ে ২০১২ সালে সেপ্টেম্বর মাসে যাত্রা শুরু করে। বিল্ডিংটি ছোট ছোট কক্ষ ও পর্যাপ্ত জায়গা না থাকায় পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে খুব কষ্ট হচ্ছে। একদিকে পর্যাপ্ত জায়গার অভাব অন্যদিকে গার্ড রুম ও অস্ত্র গোলাবারুদ রাখার স্থায়ী কোন ব্যবস্থা নেই। গুরুত্বপূর্ণ মামলার রেকর্ড, আলামত জব্দকৃত গাড়ি সমূহ থানা আশপাশে রাস্তায় রাখায় তীব্র যানজট লেগেই থাকে।
এছাড়া থানায় অফিসার, কোর্স ও আনসার সদস্যসহ মোট ২০০ জন জনবল কর্মরত আছে। ব্রাক না থাকায় ফোর্স আনসার সদস্যদের বর্তমান থানা ভবনে আশেপাশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করতে হচ্ছে। থানা ভবনের অফিসারদের অফিস কক্ষ না থাকায় মামলার তদন্তকারী কর্মকর্তাদের মামলা তদন্তসহ সার্বিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। আর থানায় সেবা নিতে আসা সম্মানিত গ্রাহকরা পড়ছেন নানা বিড়ম্বনায়।
