বন্ধুত্বের বাইরে আমাদের কোনো সম্পর্ক নেই

আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ১২:০১ এএম

ওটিটিতে প্রশংসা কুড়াচ্ছে অভিনেত্রী তানিয়া বৃষ্টির ‘দুই দিনের দুনিয়া’। সম্প্রতি সহ-অভিনেতা আরশ খানের সঙ্গে লুকিয়ে বিয়ে ও বিচ্ছেদের গুঞ্জন শোনা গেছে। এসব নিয়ে কথা বলেছেন তিনি

দুই দিনের দুনিয়া...

অনম বিশ্বাসের এই ছবি দিয়েই প্রথমবার ওয়েবে অভিনয় করলাম। প্রচারের পর থেকে ভালো রেসপন্স পাচ্ছি। চঞ্চল চৌধুরীর দ্বিতীয় স্ত্রীর চরিত্র। দু-তিনটি নতুন ওয়েব সিরিজের জন্য অডিশন দিয়েছি। কাজগুলো করতে পারলে হয়তো ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ হবে।

মৌনতা ভেঙে...

টানা শ্যুটিং করেছি বিগত কয়েক দিন। তাই বিষয়টি নিয়ে কথা বলার সময়টা বের করতে পারিনি। এখন ফুরসত মিলল। তা ছাড়া একটি গুজবকে কেন্দ্র করে অনেকেই ফোন করছিলেন। সত্যি বলতে আমি একটু বিরক্ত ছিলাম বলেই সাংবাদিকদের ফোন ধরছিলাম না। অনেকে আমাদের মন্তব্য না নিয়ে বিয়ের খবর প্রকাশ করলেন।

আত্মপক্ষ সমর্থন...

সহকর্মীর সঙ্গে ভালো সম্পর্ক থাকলেই কি প্রেম-বিয়ে হয়ে যায়? আরশ আর আমি খুবই ভালো বন্ধু। আমরা তো অনেকের সঙ্গেই কাজ করি। এর মধ্যে দর্শক যে জুটিকে বেশি দেখতে চায় পরিচালকরা তাদের নিয়েই বেশি কাজ করেন। এর মানে এই নয়, বিয়ের সিলমোহর পড়তে হবে। আরশ আর আমি একসঙ্গে অনেক কাজ করেছি। সামনেও করব। আমাদের বন্ধুত্বের বাইরে ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। বিয়েশাদি তো ইমপসিবল।

পেছনের ঘটনা...

যে ছবিটাকে বলা হচ্ছে আপনাদের বিয়ের ছবি, সেটি গত ঈদের নাটক মোহন আহমেদের ‘বরিশাইল্যা পোলা’র শ্যুটিং সেটে তোলা।  একটু খোঁজ নিলেই সত্যতা পাবেন। আর বিয়ের খবর প্রকাশের পর ফেইসবুকে আরশ কী স্ট্যাটাস দিয়েছে আমি জানি না। না আমাদের রিলেশন আছে, না আমাদের বিয়ে হয়েছে, না বিচ্ছেদ। আমরা খুবই ক্লোজ ফ্রেন্ড। এমন কিছু হওয়ার সম্ভাবনাও নেই।

বিয়ে নিয়ে ভাবনা...

বিয়েশাদি খুবই ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার। হঠাৎ কাজের চাপটা এমনভাবে বেড়ে গেছে যে, ওসব নিয়ে ভাবার সময় হয় না। ক্যারিয়ারের কিছু ওঠানামা তো হয়েছে। এখন কাজ নিয়েই থাকতে চাই।

কাজের খবর...

‘নির্দোষ’ নামে একটা ধারাবাহিক করছি। আমি, তারিন আপু, ছন্দা আপু, আরশসহ অনেকেই আছি। তারিন আপুরা যখন সেটে থাকেন, তখন ভালো প্রস্তুতি নিয়েই শ্যুটিং করতে হয়। ধারাবাহিক একটাই করছি। পাশাপাশি একক নাটকগুলো করছি। সম্প্রতি তানভীর তন্ময়ের একটি খন্ড নাটক করেছি। আমার সঙ্গে আছেন নিলয় আলমগীর। দুদিন আগে শেষ করলাম ‘গার্লফ্রেন্ডের বিয়ে ভাঙতেই হবে’ নাটকের কাজ।

চলচ্চিত্রে...

ক্যারিয়ারের শুরুর দিকে চলচ্চিত্রে অভিনয় করেছিলাম। চলচ্চিত্র অনেক বড় মাধ্যম। ওখানে অনেক ভেবেচিন্তে এগোনোর ব্যাপার আছে। মনে হয়েছে আরেকটু সময় নিয়ে চলচ্চিত্রে কাজ করি। এরপর তো ছোট পর্দায় নিয়মিত কাজ করছি। চলচ্চিত্রে সবাই কাজ করতে চায়, পরিবেশও এখন অনেক ভালো হয়েছে। নতুন করে ভালো প্রস্তাব পেলে সর্বোচ্চটা দিয়ে কাজ করব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত