রাজপথে মারাত্মক সংঘাতের শঙ্কা ফখরুলের

আপডেট : ২৪ অক্টোবর ২০২২, ০২:১৬ এএম

দেশের রাজনৈতিক পরিস্থিতি যেভাবে বিবর্তিত হচ্ছে তাতে রাজপথে মারাত্মক সংঘাত সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রবিবার রাতে বিদেশি সংবাদমাধ্যমে কর্মরত ঢাকাভিত্তিক সাংবাদিকদের প্ল্যাটফর্ম ওভারসিজ করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ওকাব) সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সভা হয়।

মির্জা ফখরুল বলেন, ‘আমি সামনে একটি সংঘর্ষের পরিস্থিতি দেখতে পাচ্ছি। সব বিরোধ নিষ্পত্তি করার দায়িত্ব সরকারের রয়েছে।’

বিরোধীদের সমাবেশ বানচাল করতে গোয়েন্দা সংস্থা ও প্রশাসনের দ্বারা বাধা তৈরি করা হচ্ছে এ অভিযোগ করে তিনি বলেন, ‘আমাদের লোকজনকে ভয় দেখানো হচ্ছে। গোয়েন্দারা ডিসি ও এসপিদের সঙ্গে বসে আমাদের কর্মসূচি বানচালের সিদ্ধান্ত দিচ্ছে।’

নির্বাচনে অংশগ্রহণ নিয়ে বিএনপির অবস্থান পুনর্ব্যক্ত করে দলটির মহাসচিব জানান, রাজনৈতিক সরকারের অধীনে নির্বাচন হলে তাদের অংশগ্রহণের কোনো সুযোগ নেই। তিনি সরকারের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীদের হয়রানি ও সমাবেশে যোগ দিতে বাধা দেওয়ারও অভিযোগ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত