বল ট্যাম্পারিংয়ের অভিযোগ এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে

আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ০১:৩২ এএম

২০১৮’র কেপটাউন টেস্টে বল টেম্পারিং কাণ্ডের জন্য নিষিদ্ধ হয়েছিলেন অস্ট্রেলিয়ার তখনকার অধিনায়ক স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার আর ব্যাটসম্যান ক্যামেরন ব্যানক্রফট। ওই টেস্টে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস আত্মজীবনীতে অভিযোগ করেন, অস্ট্রেলিয়ানরা সিরিজের প্রথম টেস্টেও সন্দেহজনক কাণ্ড করেছিল। এবার প্রোটিয়াদের বিরুদ্ধেই বল টেম্পারিংয়ের অভিযোগ তুললেন স্টিভ স্মিথের পর অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়া টিম পেইন।

কেপটাউনে সিরিজের তৃতীয় টেস্ট খেলার পর চতুর্থ টেস্ট হয় জোহানেসবার্গে। সেই টেস্টেই বল টেম্পারিং করেন দক্ষিণ আফ্রিকার এক ক্রিকেটার। আত্মজীবনী ‘টিম পেইন : দ্য প্রাইজ পেইডে’ সাবেক অস্ট্রেলীয় উইকেটকিপার দাবি করেছেন, ‘সিরিজের চতুর্থ টেস্টে বল টেম্পারিং করতে আমি দেখেছি। ভাবা যায়! কেপটাউনে এত কিছু হওয়ার পর এমন এক কাজ। আমি বোলারের প্রান্তে দাঁড়িয়ে ছিলাম, তখনই বড় স্ক্রিনে দেখতে পাই, মিড অফে দাঁড়িয়ে থাকা এক দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার বলের আকৃতি পরিবর্তনের চেষ্টা করছে।’ পেইন অবশ্য সেই প্রোটিয়া ক্রিকেটারের নাম উল্লেখ করেননি।

কেপটাউন টেস্টে টেলিভিশন ক্যামেরায় ধরা পড়েছিল অস্ট্রেলিয়ার ক্যামেরন ব্যানক্রফটের শিরিশ কাগজ দিয়ে বল ঘষার ব্যাপারটি। কিন্তু চতুর্থ টেস্টে ‘টেলিভিশন পরিচালক’ ইচ্ছা করেই সে ঘটনা লুকিয়েছেন বলে দাবি পেইনের, ‘যে টেলিভিশন পরিচালক ব্যানক্রফটের বল বিকৃতির ভিডিও ফাঁস করেছিলেন, তিনি সঙ্গে সঙ্গে দৃশ্যটি স্ক্রিন থেকে সরিয়ে নেন এবং ফুটেজ হারিয়ে যায়। আমরা আম্পায়ারের কাছে গিয়েছিলাম, যা দেখতে হয়তো কিছুটা দৃষ্টিকটু লেগেছিল। তবে আম্পায়ার আমাদের পাত্তা দেননি আর তো ফুটেজটাও হারিয়ে গিয়েছিল।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত