হিলিতে আদার দাম কমেছে কেজিতে ৩০/৪০ টাকা

আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ০৩:৩১ পিএম

সরবরাহ বাড়ায় দিনাজপুরের হাকিমপুরের হিলিতে সপ্তাহের ব্যবধানে আমদানিকৃত ভারতীয় আদার দাম কমেছে কেজিতে ৩০ থেকে ৪০ টাকা করে।

এক সপ্তাহ পূর্বে হিলিবাজারে আমদানি করা ভারতীয় আদা প্রতি কেজি ১২০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ৮০ থেকে ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। দাম কমায় স্বস্তি ফিরেছে নিম্ন আয়ের মানুষজনের মাঝে।

হিলি বাজারে আদা কিনতে আসা আব্দুস সালাম বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের সঙ্গে নতুন করে আদার দাম ঊর্ধ্বমুখী হতে শুরু করেছিল। এতে করে আমাদের মতো নিম্ন আয়ের মানুষজনের জন্য বেশ সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল।

দাম বাড়তির জন্য বাধ্য হয়ে ক্রয়ের পরিমাণ কমাতে হয়েছিল। বর্তমানে আবারও আদার দাম কমতে শুরু করেছে। এতে করে আমাদের জন্য সুবিধা হয়েছে।

হিলি বাজারের আদা বিক্রেতা আবু তাহের বলেন, বেশ কিছুদিন ধরেই বাজারে দেশীয় আদার সরবরাহ কম থাকায় আমদানি করা ভারতীয় আদা দিয়েই ক্রেতাদের চাহিদা পূরণ করা হচ্ছিল। কিন্তু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন ভারত থেকে আদা আমদানি বন্ধ ছিল।

একইভাবে দেশের অন্যান্য স্থলবন্দরগুলো দিয়ে ভারত থেকে আদার আমদানি বন্ধ ছিল। যার কারণে এ সময়ে দেশের বাজারে আদার সরবরাহ কমায় দাম বাড়তির দিকে ছিল। পূজার ছুটি শেষে হিলিসহ দেশের সবগুলো স্থলবন্দর দিয়ে পুনরায় ভারত থেকে আদা আমদানি শুরু হয়েছে। এতে করে দেশের বাজারে ভারতীয় আদার সরবরাহ বাড়ায় আদার দাম কমতে শুরু করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত