আজ নায়কের সন্ধানে সাকিব

আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ০২:৫৭ এএম

সাকিব খুঁজছেন নায়ক। ‘কে নায়ক হবেন সিডনিতে’ এমন বিজ্ঞাপন দিয়ে না খুঁজলেও কাল সংবাদ সম্মেলনেই বলে গেছেন, ‘আগামীকাল (আজ) আমাদের জন্য আরেকটা সুযোগ। আমাদের যে ১১ জন খেলবে, তাদের মধ্যে একজনের হিরো হওয়ার সম্ভাবনা আছে। তো ওই হিরোটা কে হবে, সেটাই দেখার।’ আজ সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কে এই নায়কের ভূমিকায় অবতীর্ণ হবেন, আপাতত সেই প্রশ্নেরই উত্তর খুঁজছে বাংলাদেশ।

আলোচনায় ‘শ্যুটিং স্পট’ বা মাঠ ১৪০ বছরের পুরনো সিডনি ক্রিকেট গ্রাউন্ড। ডন ব্র্যাডম্যানের মাঠ, ব্রায়ান লারা নিজের মেয়ের নাম এই মাঠের নামে রেখেছেন সিডনি। এখানে স্পিন ধরবে না পেসেই সাজাবেন আক্রমণ সেসব নিয়ে কিছুই বলতে চাইছেন না সাকিব, ‘সোজা এক সাইডে ৭৮ মিটার, এক সাইডে ৭৫ মিটার; একসাইডে ৬৫ (মিটার) আরেক সাইডে ৬৩ এরকমই বোধহয় ডাইমেনশন, এর চেয়ে বেশি কিছু বলতে পারব না।’

প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা বলেই হয়তো স্পিন আক্রমণটা আরেকটু জোরদার করার পরিকল্পনা। বাংলাদেশ দলের ড্রেসিংরুমে কুলুপ আঁটা, সাকিব দলের কাউকেই নির্দিষ্ট সূচির বাইরে গণমাধ্যমে কথা বলতে দিচ্ছেন না এবং এই নির্দেশনাটা এসেছে টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরণ শ্রীরামের কাছ থেকে এমনটাই শোনা যাচ্ছে। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসও খুব একটা আভাস পাচ্ছেন না দলীয় পরিকল্পনার। ওদিকে বোর্ড সভাপতি নাজমুল হাসানও চলে গেছেন অস্ট্রেলিয়া, কাল রাতে বোর্ড প্রেসিডেন্টের আমন্ত্রণে নৈশভোজের টেবিলে আলাপেও ক্রিকেট ব্রাত্য।

তবুও আশপাশের খবর, মেহেদি হাসান মিরাজ একাদশে ফিরছেন, বসতে হচ্ছে ইয়াসির রাব্বিকে। যদিও সাকিব এই ব্যপারে ধোঁয়াশা জিইয়েই রাখলেন, ‘দেখুন আমরা খুব অনুমেয় হতে চাই না। আমরা কন্ডিশন দেখব, প্রতিপক্ষ দেখব, এভাবেই আমরা আমাদের বিশ্বকাপ প্রস্তুতি নিয়েছি। প্রতিটা মাঠ আলাদা, প্রতিটা মাঠের মাপ আলাদা, বাতাসের গতি আলাদা। আমরা সেসব মিলিয়েই পরিকল্পনা সাজাচ্ছি, হয়তো সবকিছু আমাদের পক্ষে যাবে না তবে আমরা মেনে নিতে প্রস্তুত।’

২০১৯ ওয়ানডে বিশ্বকাপের আগে সব অধিনায়কদের সংবাদ সম্মেলন। সেখানেই মাশরাফী বিন মোর্ত্তজা ফাফ দু প্লেসিসকে বলেছিলেন, ‘তোমার দলের বিপক্ষে জিতে শুরু করতে চাই।’ কে জানে, সেই মনস্তাত্ত্বিক চাপটাই হয়তো নিতে পারেনি প্রোটিয়ারা, সত্যিই হেরে যায় ২১ রানে। এবারও সাকিব সেরকমই একটা চাল চেলেছেন, ‘আমরা জেতার জন্যই মাঠে নামব আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। দক্ষিণ আফ্রিকার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওদের প্রত্যাশা ছিল একটা পয়েন্ট ওরা বেশি পাবে (জিম্বাবুয়ের বিপক্ষে) যেটা ওরা পায়নি। ওদের জন্য বাঁচা-মরার লড়াই, একটু হলেও ওরা চাপে থাকবে।’

ওদিকে লুঙ্গি এনগিদিও অবশ্য পালটা চাল দিয়ে বলেছেন, ‘আমার মনে হয় এই আসরে সবাই চাপে আছে। যেটা সে (সাকিব) বলেছে যে আমরা জয়ের জন্য মরিরা হয়ে থাকব, সেটা একদম সত্যি। তবে চাপের কথা যেটা বলল, সেটা আমার মনে হয় যারা জিততে চায় সবার জন্যই সমান। মাঠের সেরা দলই জিতবে।’

বাংলাদেশের টপ-অর্ডার যে ভঙ্গুর, এই কম্পিউটার অ্যানালিস্টের যুগে এসে সেটা কোনো দলেরই জানতে বাকি নেই। এনগিদিও বলেছেন, তাদের চোখ টপ-অর্ডারটা দ্রুত গুঁড়িয়ে দেওয়ার। ‘সবশেষবার যখন বাংলাদেশের বিপক্ষে খেলেছিলাম, ওদের ব্যাটসম্যানরা বেশ আক্রমণাত্মক ব্যাটিংই করেছিল। আমরা জানি ব্যাপারটা আর আমরা অবশ্যই ওদের টপ-অর্ডারকে আক্রমণ করব। বোলিং ইউনিট হিসেবে আমরা সাপের মাথাটা কাটতে চাই সবার আগে। ওদের টপ অর্ডারকে তুলে নিয়ে যতটা কম রানে সম্ভব আটকে দেওয়া, এটাই লক্ষ্য’ বুধবার সংবাদ সম্মেলনে বলেছেন এনগিদি।

লড়াইয়ে জিততে হলে মাথাটা কেটে ফেলার আগেই ছোবল দেওয়া চাই। কাজটা করে কে হতে পারবেন প্রতিনায়কের সেই কাক্সিক্ষত নায়ক? উত্তরের জন্য আর কয়েক ঘণ্টার অপেক্ষা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত