র্যাবের মহাপরিচালক খুরশীদ হোসেন বলেছেন, যেকোনো দুর্যোগে র্যাব মানুষের পাশে আছে। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে ক্ষতিগ্রস্ত মানুষগুলো অসহায় হয়ে পড়েছে। সেখানে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। কর্মহীন মানুষগুলো অসহায় হয়ে পড়েছে। ওই সব মানুষের বন্ধু হয়ে পাশে এসে দাঁড়িয়েছে র্যাব।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে ভোলার দৌলতখানে ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণে তিনি এসব বলেন।
দৌলতখান সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ ত্রাণ বিতরণ অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, র্যাব দেশের জঙ্গি-সন্ত্রাস দমনে কাজ করছে, দেশের আভিধানিক কাজের পাশাপাশি আর্তমানবতার সেবায় কাজ করছে র্যাব। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন। ভবিষ্যতেও র্যাবের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি বলেন, দেশে কোনো জঙ্গি উত্থান ঘটাতে পারবে না, পাহাড় বা দুর্গম এলাকা যেখানেই জঙ্গিদের উত্থান হয়েছিল, সেগুলো নির্মূল করা হয়েছে। বান্দরবানে প্রশিক্ষণপ্রাপ্ত একটি সহিংস চক্রকেও আটক করেছে র্যাব।
পরে র্যাব মহাপরিচালক উপজেলার রাধা বল্লভ মাছঘাট ও মেঘনা পাড়ে ৫ শতাধিক মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।
এসব ত্রাণ সহায়তার মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিড়া, গুড়, লবণ, আলু ও স্যালাইন।
এ সময় র্যাব-৮ বরিশাল অধিনায়ক লে. কর্নেল মাহামুদুল হাসান, অতিরিক্ত ডিআইজি ফারুকুল হক, ভোলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
