এবার অনুমতি ছাড়াই সিডনিতে প্রবাসীদের দাওয়াতে সাকিব

আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ১২:২৩ পিএম

ব্রিসবেনে প্রবাসীদের দাওয়াতে গিয়ে খবরের শিরোনাম হয়েছিলেন সাকিব আল হাসান। হোবার্টে অন্য মেজাজে মিটিয়েছেন দর্শকদের আবদার। এবার সিডনি গিয়ে ফের নেতিবাচক সংবাদের শিরোনাম হলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এবর অভিযোগ, টাইগার অধিনায়ক বিসিবি কিংবা টিম ম্যানেজমেন্টের অনুমতি না নিয়েই সিডনিতে প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন।  

দেশের শীর্ষ এক গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। অধিনায়কের সঙ্গে সেই দাওয়াত রক্ষায় ছিলেন টাইগার পেসার তাসকিন আহমেদও।

ব্রিসবেনের দাওয়াতকাণ্ডের পরও কেন ক্রিকেটারদের এ ধরণের অনুষ্ঠানে যেতে দেওয়া হচ্ছে? এ বিষয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা তো মানা করেছিলাম অনুষ্ঠানটা করতে। তারপরও কেন করল জানি না। আর ওদেরই জিজ্ঞেস করে দেখুন, ওরা কেন গেল। আমরা ওদের যেতে বলিনি।’

দল থেকে যেতে বারণ করা হয়ে থাকলে সাকিব-তাসকিন সেখানে গিয়ে দলীয় শৃঙ্খলাই ভাঙলেন। তাহলে কোনো ব্যবস্থা কি নেওয়া হবে তাঁদের বিরুদ্ধে? বিশ্বকাপের দোহাই দিয়ে প্রসঙ্গটা এড়িয়ে গেলেন জালাল ইউনুস। টুর্নামেন্টের মধ্যে তাঁরা এ নিয়ে কিছু করতে চান না।

টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ খেলতে বাংলাদেশ দল যে ২৫ অক্টোবর এই শহরে আসবে তা আগে থেকেই জানা ছিল। অনুষ্ঠানটাও ছিল সেদিনই। এই অনুষ্ঠানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আরও আগে থেকেই ব্যাপক প্রচারণা চালিয়েছে আয়োজক সংগঠন।

‘এন এক্সক্লুসিভ ডিনার উইথ বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট প্লেয়ার্স’ শিরোনামের প্রচারণায় ক্রিকেটারদের সঙ্গে একই টেবিলে নৈশভোজ করা, ক্রিকেটারদের সঙ্গে কথা বলা, এককভাবে ছবি তোলা এবং সাকিবসহ ক্রিকেটারদের স্বাক্ষর করা ব্যাট প্রদানের বিভিন্ন প্যাকেজের কথা উল্লেখ করা হয়।

প্রচারণায় প্যাকেজ ভেদে বিভিন্ন ডিনার টেবিলের টিকিটের দাম ছিল বিভিন্ন রকম। ব্যক্তিগত টিকিট ৯০ অস্ট্রেলিয়ান ডলার, স্পেশাল ক্রিকেটার্স টিম টিকিটস ৫০০ ডলার (সর্বোচ্চ ১০ জনের টেবিল), সিলভার স্পনসরশিপ ১০০০ হাজার ডলার (৫ জনের টেবিল), পাওয়ার্ড বাই স্পনসরশিপ ২০০০ ডলার (১০ জনের টেবিল ও এক্সক্লুসিভ মুখোমুখি কথা বলার সুযোগ এবং প্রোমো হাইলাইটস), ভিআইপি টেবিল ২০০০ ডলার (১০ জনের টিকিট, খেলোয়াড়দের সঙ্গে স্পেশাল ডিনার, একক ছবি ও ব্যক্তিগতভাবে কথা বলার সুযোগ)— এই ছিল বিভিন্ন প্যাকেজের অফার।

অনুষ্ঠানে প্রথমে শ দেড়েক অতিথির যোগ দেওয়ার কথা থাকলেও পরে গেছেন শ খানেক অতিথি। বিভিন্ন ক্যাটাগরিতে এসব টিকিট বিক্রি করেছেন আয়োজকেরা। অতিথি কমে যাওয়ায় ভেন্যু বদলে নর্থ রাইড স্কুল অব আর্টসের পরিবর্তে অনুষ্ঠান আয়োজন করা হয় সিডনি সিটির জাফরান রেস্টুরেন্টে।

বিসিবি মানা করা সত্ত্বেও আয়োজকরা অনুষ্ঠান আয়োজন করেছেন। তবে ক্রিকেট বোর্ডকে যে আয়োজকেরা থোড়াই পাত্তা দিয়েছেন, সেটা ২৫ অক্টোবর জাফরান রেস্টুরেন্টে সাকিব-তাসকিনের উপস্থিতিতেই পরিষ্কার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত