জয়পুরহাটে গৃহবধূ হত্যায় দুই ভাইয়ের যাবজ্জীবন

আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ০৪:২৫ পিএম

জয়পুরহাটে জমিজমা সংক্রান্ত দ্বন্দ্বের জের ধরে হাসিনা নামে এক গৃহবধূকে হত্যা মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলাধীন সুতরাইল গ্রামের মৃত আব্দুল সালামের ছেলে দুলাল হোসেন (৫৪) ও আওলাদ হোসেন (৪৬)।

রবিবার (৩০ অক্টোবর) দুপুর ১২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নুর ইসলাম এ রায় প্রদান করেন।

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ক্ষেতলাল উপজেলার সুতরাইল গ্রামের মৃত আব্দুল সালামের ছেলে দুলাল ও আওলাদ দুই ভাইয়ের সঙ্গে দীর্ঘ দিন থেকে জমিজমা নিয়ে গোলমাল চলে আসছিল ওই গ্রামের মৃত মুমির উদ্দিন সরদারের ছেলে কোরবান আলী সরদার ও তার পরিবারের।

২০০৮ সালের ২ অক্টোবর সকাল ১০টার দিকে জায়গা জমিকে কেন্দ্র করে তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ওই দিন রাতে কোরবান আলী সরদারের ছোট্ট ছেলের মোমিনের স্ত্রী হাসিনা (৩৯) ও নাতি মেহেদী হাসান (২১) মাটির বাড়ির একটি ঘরে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে দু'জন লোক প্রাচীর টপকে ওই ঘরে প্রবেশ করে হাসিনাকে গলা টিপে হত্যা করার সময়ে মেহেদী হাসান বাতির আলোতে দুলাল ও আওলাদকে দেখতে পান। সেসময় মেহেদী হাসান ডাক চিৎকার দিলে চাকু দিয়ে ভয় দেখিয়ে পালিয়ে যায় দুলাল ও আওলাদ। পরে হত্যার বিষয়টি জানাজানি হয়। পরদিন থানায় মামলা দায়ের করেন হাসিনার শ্বশুর কোরবান আলী সরদার।

মামলা চলাকালে ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে রোববার দুপুরে সহোদর ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালত।

জয়পুরহাট জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘ শুনানি শেষে এ মামলায় দুই সহোদর ভাইকে প্রতিবেশী গৃহবধূ হত্যার অভিযোগ প্রমাণিত হয়। দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুজনের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত