নতুন ভোটার নাতনিকে নিয়ে ভোট দিলেন জো বাইডেন

আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ০৫:৫৫ পিএম

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগাম ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ এক নাতনিকে সঙ্গে নিয়ে ভোট দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জানা গেছে, ওই নাতনি এই বছর প্রথম ভোটার হয়েছেন। মার্কিন সংবাদ সংস্থা এপির এক প্রতিবেদনে খবর দেওয়া হয়েছে।

এর আগে আগাম ভোট দিতে নিজের নির্বাচনী এলাকা ডেলাওয়্যারে যান বাইডেন। ছুটি কাটাতে প্রায়ই সেখানে ভ্রমণও করেন তিনি। ভোটারদের আগাম ভোট দিতে উৎসাহ যোগাচ্ছে ডেমোক্রেটরা।

জো বাইডেন মধ্যবর্তী নির্বাচন নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। এই নির্বাচানের মাধ্যমে আগামী দুই বছরের জন্য কংগ্রেসের নিয়ন্ত্রণ নির্ধারণ করা হবে। ভোট শেষ হওয়ার আগে পেনসিলভানিয়া, ফ্লোরিডা, নিউ মেক্সিকো ও মেরিল্যান্ডে প্রচারণা চালাবেন প্রেসিডেন্ট বাইডেন।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনগুলোতে প্রেসিডেন্টের দল সাধারণত ভালো করতে পারে না। বেসরকারি সংস্থা ‘দ্য অ্যামেরিকান প্রেসিডেন্সি প্রজেক্ট'-এর তথ্য বলছে, গত ২১টি মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্টের দল ‘হাউস অব রিপ্রেজেন্টেটিভস'-এ মাত্র তিনবার আসন বাড়াতে পেরেছে। আর সিনেটে পেরেছে মাত্র পাঁচবার।

আগামী ৮ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন যুক্তরাষ্ট্রের ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ একটি নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে যারা জয়লাভ করবে তারাই পরের বছর মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের নিয়ন্ত্রণ পাবে। রিপাবলিকান পার্টি তার সমর্থকদেরকে বলছে যে, ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট জো বাইডেনকে ঠেকানোর এটা শেষ সুযোগ। অন্যদিকে, ডেমোক্রেটরা বলছে যে, এই নির্বাচনে তারা হেরে গেলে মার্কিন গণতন্ত্রই ধংসের ঝুঁকিতে পড়ে যাবে।

আরও পড়ুন...

নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রে দেশজুড়ে ভয়ানক সহিংসতার আশঙ্কা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত