কারাগারে ভারতীয় নাগরিকের মৃত্যু

আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ০১:০৯ পিএম

পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে সন্দেহজনক গতিবিধির কারণে আটক ভারতীয় নাগরিক তারেক বাইন (৬০) গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে মারা গেছেন।

রোববার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। 

তারেক বাইন শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং উচ্চ রক্তচাপ জনিত সমস্যা নিয়ে রাত ৮টার দিকে গোপালগঞ্জ সদর হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল বলে হাসপাতালের সহকারী পরিচালক অসিত কুমার মল্লিক জানান।

মারা যাওয়া তারেক বাইন ভারতের বিহার রাজ্যের মরণ বাইনের ছেলে।

জানাগেছে, শরীয়তপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে ২০২১ সালের ৯ জুলাই শরীয়তপুর জেলা কারাগারে নেয়া হয় এবং পরবর্তীতে গত ২০ জানুয়ারি গোপালগঞ্জ জেলা কারাগারে আনা হয়। 

ভারতীয় নাগরিক তারেক বাইন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাত ৮টার দিকে তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি মারা যান বলে জেল সুপার মো. ওবায়দুর রহমান জানান। 

মৃত ওই হাজতির মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। লাশ ময়নাতদন্তের পর কারা কর্তৃপক্ষ কর্তৃক ভারতীয় হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করে লাশ হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করবে বলে জানা গেছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত