টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে মঙ্গলবার দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমেছে ইংলিশরা।
এবারের আসরে ফেভারিটের তালিকায় ওপরের দিকে ছিল ইংল্যান্ডের নাম। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে অঘটনের শিকার হয়েছে দলটি। আর তাতেই কঠিন হয়ে পড়েছে তাদের সেমিফাইনালে খেলার সমীকরণ।
ব্রিসবেনে নিউজিল্যান্ডের বিপক্ষে এ ম্যাচটায় হেরে গেলে আসর থেকে ছুটির ঘণ্টা বেজে যাবে ইংল্যান্ডের। অন্যদিকে নিউজিল্যান্ড জিতলে সেমিফাইনালে তো যাবেই, পথের কাঁটা দূর হবে স্বাগতিক অস্ট্রেলিয়ারও। ইংল্যান্ড জিতলে টিকে থাকবে আশা, সমীকরণে থাকবে অস্ট্রেলিয়াও।
২০১৯ ওয়ানডে বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ড গত বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল। ড্যারিল মিচেলের দারুণ ব্যাটিংয়ে কিউইরা ম্যাচটা জিতে উঠেছিল ফাইনালে। এবারেও দুটো দলে কমবেশি সেই ক্রিকেটাররাই আছেন।
