৪০তম বিসিএস

‘রাজনৈতিক বিবেচনায়’ ৩৪ জনকে বাদ দিয়ে ১,৯২৯ নিয়োগ

আপডেট : ০২ নভেম্বর ২০২২, ০১:৫৭ এএম

৪০তম বিসিএসের প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। গতকাল মঙ্গলবার ১ হাজার ৯২৯ প্রার্থীকে নিয়োগ দিয়ে এ প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। চূড়ান্ত নিয়োগে পিএসসির সুপারিশ করা তালিকা থেকে ৩৪ জন বাদ পড়েছেন।

গত ৩০ মার্চ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) এই বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে। এতে ১ হাজার ৯৬৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করেছিল পিএসসি।

পিএসসি সুপারিশ করার পর প্রার্থীদের তথ্য যাচাই-বাছাই করে পুলিশ। এসব যাচাই-বাছাইয়ে রাজনৈতিক কারণে অনেক প্রার্থীকে বাদ দেওয়ার অভিযোগ রয়েছে।

২০১৮ সালের ১১ সেপ্টেম্বর পিএসসি ৪০তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। ওই বিসিএসে আবেদন করেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ প্রার্থী। ২০১৯ সালের ৩ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে পরীক্ষা দেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। ওই বছরের ২৫ জুলাই প্রকাশিত ফলাফলে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ প্রার্থী।

২০২০ সালের জানুয়ারিতে লিখিত পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ফেব্রুয়ারিতে। দেশে ওই সময় করোনা মহামারী শুরু হলে খাতা দেখাসহ অন্যান্য কার্যক্রমে বিঘœ ঘটে। প্রায় এক বছর পর গত বছর ২৭ জানুয়ারি লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে ১০ হাজার ৯৬৪ জন পাস করেন।

এরপর করোনা পরিস্থিতির কারণে পাঁচবার মৌখিক পরীক্ষার সময়সূচি পরিবর্তন করে পিএসসি। এ বছরের ৩০ মার্চ চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ১ হাজার ৯৬৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করে পিএসসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত