ঢাকায় বাসচাপায় প্রাণ গেল পোশাকশ্রমিক দম্পতির

আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ০২:৪৫ এএম

অন্যদিনের মতো গতকাল বুধবার সকালেও বাইসাইকেলে চেপে কারখানায় যাচ্ছিলেন পোশাকশ্রমিক দম্পতি ইসরাফিল হোসেন ও স্বপ্না আক্তার। প্রায় পৌঁছে গিয়েছিলেন ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে তাদের কর্মসস্থল শ্রীরামপুর গ্রাফিকস টেক্সটাইল কারখানায়। তবে কারখানায় প্রবেশের আগেই একটি যাত্রীবাহী বাস সাইকেলসহ তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই নিহত হন তারা।

এদিন গাজীপুরের কাপাসিয়ায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন দুজন। ওই ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন। ঝিনাইদহে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেছে আরও দুই তরুণের। কুড়িগ্রামে রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় নিহত হয়েছেন এক নারী।

দেশ রূপান্তরের সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত :

ধামরাই (ঢাকা) প্রতিনিধি জানান, গতকাল সকালে ধামরাইয়ের শ্রীরামপুর গ্রাফিকস টেক্সটাইল কারখানার সামনে জামান পরিবহনের একটি বাস বাইসাইকেলের থাকা ইসরাফিল ও স্বপ্নাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তারা। তারা দুজনই গ্রাফিকস টেক্সটাইল কারখানায় চাকরি করতেন। নিহতদের বাড়ি উপজেলার শোলধন গ্রামে। পুলিশ ও কারখানার শ্রমিকরা জানিয়েছে, কারখানার সামনেই রাজবাড়ী থেকে ছেড়ে আসা জামান পরিবহনের একটি বাস পেছন দিক থেকে তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। ধামরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে গোলড়া হাইওয়ে থানা পুলিশ বাসটি জব্দ করে। দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করে গোলড়া হাইওয়ে থানার এসআই শাহ আলম জানান, বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে।

এদিকে গাজীপুরের কাপাসিয়া প্রতিনিধি জানান, গতকাল বিকেলে ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কাপাসিয়ার তরগাঁও ইউনিয়নের উরুন মধ্যপাড়া জামে মসজিদের সামনে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হন অন্য তিন যাত্রী।

স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী উজানভাটি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা রাজেন্দ্রপুর চৌরাস্তাগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি রাস্তার পাশে ছিটকে পড়ে দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আবুল কাশেম (৬৮) নামে এক যাত্রী নিহত হন। তিনি গাজীপুর সিটি করপোরেশন এলাকার মো. সফিউল্লাহর ছেলে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মো. হাবিবুর রহমান হাবু নামে অন্য যাত্রীর মৃত্যু হয়। হাবিব ইটনা উপজেলার বরশিপুরা গ্রামের মৃত মো. হোসেন আলীর ছেলে। আহতরা হলেন অটোরিকশার চালক কিশোরগঞ্জের তাড়াইলের কাজলা গ্রামের মো. হৃদয় (৩০), একই উপজেলার কল্লা এলাকার মো. রমজান আলী (৫০) ও নেত্রোকোনার খালিয়াজুড়ির পাঁচহাট গ্রামের মো. জাকারিয়া (২৯)। তাদের মধ্যে রমজান আলীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। কাপাসিয়া থানার ওসি এএফএম নাসিম জানান, নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধি জানিয়েছেন, জেলার উলিপুরে রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় কুলুকজান বেগম (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল সকালের দিকে উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের পশ্চিম নাওড়া গ্রামের চৌমুহনী টু রানীগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে। উলিপুর থানার ওসি শেখ আশরাফুজ্জামান জানান, দুর্ঘটনার কথা তারা শুনেছেন তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাননি। অবশ্য ধামশ্রেণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেছেন, গরুবোঝাই পিকআপটি আটক করেছে স্থানীয়রা। আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসা করার চেষ্টা চলছে।

ঝিনাইদহ প্রতিনিধি জানান, জেলার সদর উপজেলার হাজিডাঙ্গা গ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আল-মাহমুদ (১৮) ও শাহ পরান (১৮) নামে দুই তরুণের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা ঝিনাইদহের মহেশপুর উপজেলার মালাধরপুর গ্রামের বাসিন্দা। তারা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত