জাতিসংঘের মধ্যস্থতায় কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনীয় বন্দর থেকে খাদ্যশস্য রপ্তানির চুক্তিতে পুনরায় সক্রিয় হবে রাশিয়া। গতকাল বুধবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। কৃষ্ণ সাগরে রুশ নৌবহরে ইউক্রেনের হামলার অভিযোগে চলতি সপ্তাহে চুক্তিতে অংশগ্রহণ স্থগিত করেছিল মস্কো। গতকাল বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
বুধবার এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, মানবিক করিডোরে হামলা চালানো হবে না বলে ইউক্রেনের কাছ থেকে লিখিত নিশ্চয়তা পাওয়া গেছে। একই সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে সামরিক অভিযানে ইউক্রেনীয় বন্দর ব্যবহার না করারও নিশ্চয়তা দেওয়া হয়েছে। এই মুহূর্তে নিরাপত্তার যে নিশ্চয়তা পাওয়া গেছে, যা রুশ ফেডারেশনের কাছে যথার্থ মনে হচ্ছে এবং চুক্তি বাস্তবায়ন পুনরায় শুরু হচ্ছে। এই বিষয়ে জাতিসংঘ ও তুরস্কের পদক্ষেপের জন্য ধন্যবাদ জানিয়েছে রুশ মন্ত্রণালয়।
কৃষ্ণ সাগরে রুশ অধিকৃত ক্রিমিয়ার সেভাস্তপোলের কাছে রুশ নৌবহরে ড্রোন হামলার জন্য ইউক্রেন ও যুক্তরাজ্যের বিশেষজ্ঞদের দায়ী করেছিল রাশিয়া। হামলার জেরে গত শনিবার শস্য চুক্তিতে নিজেদের অংশগ্রহণ স্থগিত ঘোষণা করেছিল মস্কো। রাশিয়া চুক্তিতে অংশগ্রহণ স্থগিতের পরও কৃষ্ণ সাগর দিয়ে শস্যবাহী জাহাজ চলাচল অব্যাহত রাখা বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ হবে বলে সতর্ক করে দিয়েছিল। রাশিয়ার সাম্প্রতিক অবস্থানের নিরিখে তাই বুধবারের বিবৃতিকে ‘ইউটার্ন’ হিসেবে মনে করা হচ্ছে।
