বাঁচা-মরার ম্যাচে পাকিস্তানের টপ অর্ডার ব্যাটাররা হতাশ করলেন। তাতে তৈরি হলো শঙ্কা। তবে ইফতিখার আহমেদ ও শাদাব খান ঝড় তুললেন। দুজনের ফিফটিতে শঙ্কা দূর করে পাকিস্তান গড়ল চ্যালেঞ্জিং পুঁজি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকাকে ১৮৬ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান।
ইফতিখার ৩৫ বলে ৫১ ও শাদাব খান ২২ বলে ৫২ রানের ইনিংস উপহার দেন। মোহাম্মদ হারিস ও মোহাম্মদ নওয়াজের ব্যাট থেকে আসে ২৮ রান করে। সুবাদে ২০ ওভারে ৯ উইকেটে ১৮৫ রানের পুঁজি পায় ২০০৯ আসরের চ্যাম্পিয়নরা।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। কিন্তু প্রথম ওভারেই মোহাম্মদ রিজওয়ানকে (৪ বলে ৪) হারায় তারা। ভালো শুরুর ইঙ্গিত দিয়েও ফিরে যান মোহাম্মদ হারিস। হতাশ করেন বাবর আজমও (১৫ বলে ৬)।
পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে ৪২ রান করতে পারে পাকিস্তান। ১০ ওভার শেষে তাদের স্কোর ছিল ৪ উইকেটে ৬৮ রান। শেষ দশ ওভারে দলটি তুলেছে ১১৭ রান। শেষ দুই ওভারে চার উইকেট পড়লেও ২৬ রান তুলেছে।
চাপ কাটিয়ে দলকে টেনে তোলার পথে ইফতিখার প্রথমে মোহাম্মদ নওয়াজের সঙ্গে ভালো জুটি উপহার দেন। পঞ্চম উইকেটে ৩৯ বলে ৫২ রান যোগ করেন দুজন। এরপর ইফতিখার ও শাবাদ ষষ্ঠ উইকেটে ৩৬ বলে ৮২ রান যোগ করেন।
প্রোটিয়াদের পক্ষে আনরিক নরকিয়া সর্বাধিক ৪ উইকেট নিয়েছেন। সেমিফাইনালের আশা জিইয়ে রাখতে এই ম্যাচ জিততেই হবে পাকিস্তানকে।
