১০ দিনেও খোঁজ মেলেনি এইচএসসি পরীক্ষার্থীর

আপডেট : ০৫ নভেম্বর ২০২২, ০২:৫০ এএম

চট্টগ্রামে ১০ দিন আগে নিখোঁজ হওয়া উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থী অনুভব মল্লিক তূর্যের খোঁজ মেলেনি। পুলিশ প্রশাসনও তার কোনো হদিস পায়নি।

তূর্যের নিখোঁজ হওয়ার ঘটনায় বাকলিয়া থানায় গত ২৫ অক্টোবর সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা ব্যবসায়ী তপন কান্তি মল্লিক। তূর্যের পরিবারের পক্ষ থেকে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও বিষয়টি অবহিত করা হয়। কিন্তু গতকাল শুক্রবার পর্যন্ত তূর্যের কোনো খোঁজ পাওয়া যায়নি।

জানা যায়, নিখোঁজ অনুভব মল্লিক তূর্য (১৭) নগরীর হাজেরা তজু কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষার্থী। নগরীর চকবাজার এলাকায় একটি কোচিং সেন্টারে কোচিং করত সে। ২৫ অক্টোবর সকালে কোচিংয়ে যাওয়ার কথা বলে বাকলিয়া থানাধীন শান্তিনগর ব্যাংক কলোনির বাসা থেকে বের হয় তূর্য। এরপর আর বাসায় ফেরেনি। কোচিং সেন্টার, আত্মীয়স্বজনের বাসাসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁিজ করে না পেয়ে রাতেই বাকলিয়া থানা পুলিশের শরণাপন্ন হন তার পরিবারের সদস্যরা।

তূর্যের চাচা সাংবাদিক স্বপন মল্লিক দেশ রূপান্তরকে বলেন, একটি তরুণ ১০ দিন ধরে নিখোঁজ। কিন্তু পুলিশ প্রশাসন তার কোনো হদিস পাচ্ছে না। তিনি বলেন, ‘যাওয়ার সময় একটি ল্যাপটপ সঙ্গে নিয়ে গেছে তূর্য। এর যাবতীয় কাগজপত্র আমরা পুলিশকে সরবরাহ করেছি। কিন্তু এখন পর্যন্ত পুলিশ কিছুই করতে পারেনি।’

জানতে চাইলে সিএমপির অতিরিক্ত উপকমিশনার (এডিসি-দক্ষিণ) নোবেল চাকমা দেশ রূপান্তরকে বলেন, ‘সম্ভাব্য সব বিষয় সামনে রেখেই আমরা তদন্ত চালাচ্ছি। কিন্তু এখন পর্যন্ত আশানুরূপ কিছু আমাদের কাছে আসেনি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত