উপমহাদেশের পথিকৃৎ আলোকচিত্রী গোলাম কাসেম ড্যাডির ১২৮তম জন্মবার্ষিকী আজ ৫ নভেম্বর। ১৮৯৪ সালের এই দিনে ভারতের জলপাইগুড়িতে তিনি জন্মগ্রহণ করেন। তাকে বাংলাদেশের ফটোগ্রাফির জনক বলা হয়। তার হাত ধরে পূর্ববঙ্গে ফটোগ্রাফি শিক্ষাচর্চা শুরু হয়।
তিনি ১৯৫১ সালে ঢাকায় প্রথম আলোকচিত্রের স্কুল ট্রপিক্যাল ইনস্টিটিউট অব ফটোগ্রাফি প্রতিষ্ঠা করেন। ১৯৬২ সালে প্রতিষ্ঠা করেন ক্যামেরা রিক্রিয়েশন ক্লাব। ১৯১৫ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইনফ্যানট্রি কোরের সদস্য হিসেবে তিনি প্রথম বিশ^যুদ্ধে অংশগ্রহণ করেন। গ্লাস প্লেট নেগেটিভে যুদ্ধের দুর্লভ আলোকচিত্র ধারণ করেন।
তিনি ছিলেন বাঙালি মুসলমানদের মধ্যে আধুনিক ধারার ছোটগল্পের অন্যতম লেখক। ১৯৭৭ সালে তিনি নাসিরউদ্দীন স্বর্ণপদক পান। ফটোগ্রাফিতে বিশেষ অবদানের জন্য ২০০৪ সালে তৃতীয় আন্তর্জাতিক ছবি মেলায় তাকে আজীবন সম্মাননা (মরণোত্তর) প্রদান করা হয়। ১৯৮৬ সালে পান সিনেসিক ও সিপিএস পদক। ১৯৮৮ সালে ক্রিয়েটিভ ফটোগ্রাফার্স বাংলাদেশের আন্তর্জাতিক স্যালোনে গোলাম কাসেম ড্যাডির নামে পদক প্রবর্তন করা হয়। দৃক প্রতি বছর তার নামে স্মারক বক্তৃতার আয়োজন করে। তিনি বিপিএস এবং ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ফটোগ্রাফিক কাউন্সিলের সম্মানিত ফেলো ছিলেন। ১৯৯৮ সালের ৯ জানুয়ারি ১০৪ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।
