অ্যাডিলেডের ভেজা মাঠে ভারতের বিপক্ষে খেলতে চাননি টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। কিন্তু দলনেতার এই দাবি আমলে নেননি দুই আম্পায়ার। তাতেই শুরু হয় বিতর্ক। যুক্তির ওপর যুক্তি দেওয়া চলছেই। যেন তা থামার লক্ষণই নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে আইসিসির মুন্ডুপাত করতে থাকেন অনেকে। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ভারতের পক্ষ নেয় বলে অভিযোগ করতে থাকেন। যে বিতর্কে যোগ দেন পাকিস্তানি ক্রিকেটারও।
সেদিন বাংলাদেশের দিকে তাকিয়ে ছিল পাকিস্তানও। ভারতের কাছে বাংলাদেশ হারলে সেমিফাইনালের দৌড়ে আরও পিছিয়ে যাওয়ার শঙ্কায় তখন বাবর আজমরা। এমন সময়ে আইসিসির বিরুদ্ধে ভারতের পক্ষ নেওয়ার অভিযোগ তোলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। পরে একই সুরে কথা বলেছেন আরও অনেকেই।
এবার সেই অভিযোগের জবাব দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি রজার বিনি।
গত মাসেই বিসিসিআইয়ের সভাপতি পদে নির্বাচিত হওয়া বিনি আফ্রিদির মন্তব্যের প্রতিবাদ জানিয়ে সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘এভাবে বলা ঠিক হয়নি। আইসিসি আমাদের পক্ষ নেয় বলে মনে করি না। সবাইকে সমান চোখেই দেখা হয়। তাই ওই অভিযোগের কোনো সুযোগই নেই।’
ভারতের হয়ে ১৯৮৩ বিশ্বকাপ জেতা এই অলরাউন্ডার পাল্টা প্রশ্ন রেখে বলেন, ‘অন্য দলগুলোর চেয়ে আমরা কোন জায়গায় বিশেষ সুবিধা পেয়ে থাকি? ভারত ক্রিকেটের বড় শক্তি হতে পারে, কিন্তু সবাইকে সমান চোখেই দেখা হয়।’
