দৈনন্দিন রুটিনের যেসব অভ্যাস বাড়িয়ে দিতে পারে ব্লাড সুগার

আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ০১:৩৭ পিএম

আজকাল সাধারণ স্বাস্থ্য সমস্যার মধ্যে ডায়াবেটিস অন্যতম। দিনের পর দিন এটি আপনার জীবনে প্রভাব ফেলতে পারে। যথাযথ চিকিৎসা ছাড়া এটি জটিল আকার ধারণ করতে পারে এবং জীবনের জন্য ঝুঁকি হতে পারে।

অতি নগণ্য কিছু দৈনন্দিন ক্রিয়াকলাপের কারণে আপনার ব্লাড সুগার বাড়তে পারে; যে জিনিসগুলো আপনি আশা করেননি সেগুলোই ডায়াবেটিসে মারাত্মক প্রভাব ফেলতে পারে।

এমন কিছু আশ্চর্যজনক কারণ জেনে নেওয়া যাক-

১. সকালের নাশতা না করা: দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার সকালের নাশতা। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডসি)এর মতে, সকালের নাশতা না করলে দুপুর ও রাতের খাবার গ্রহণের পর ব্লাড সুগার বাড়তে পারে। তাই দৈনন্দিন ডায়েটে কোনো পরিবর্তন আনার আগে চিকিৎসকের পরামর্শ নিন।

২. সানবার্ন: আশ্চর্যজনক হলেও সত্য যে, অতিরিক্ত রোদ পোহালে ব্লাড সুগারের মাত্রা বেড়ে যেতে পারে। সিডিসি অনুসারে, আপনার শরীর রোদে পুড়লে তা ব্যথার কারণ হতে পারে; যা আরও চাপ সৃষ্টি করতে পারে, যেটি রক্তে শর্করার মাত্রা বাড়ায়।

৩. কফি: অনেকেরই সকালের প্রিয় পানীয় এটি। সারা দিনের ব্যস্ততায় অনেকবার খাওয়া পড়ে অনেকের। ডায়াবেটিস রোগীদের জন্য এটি কী স্বাস্থ্যকর? সিডিসি বলছে, না, এমনকি চিনিমুক্ত কফিও নয়। কিছু লোকের ব্লাড সুগার ক্যাফেইনের প্রতি অতিরিক্ত সংবেদনশীল। এ কারণে ব্লাড সুগারের মাত্রা বাড়ার ঝুঁকি থাকলে ক্যাফেইন পরিহার করতে হবে।

৪. অপর্যাপ্ত ঘুম: সুস্থ দেহ ও মনের জন্য পর্যাপ্ত ঘুম জরুরি। সিডিসি বলছে, পর্যাপ্ত ঘুমের অভাব এমনকি এক রাত হলেও রক্তে শর্করার মাত্রা বাড়তে পারে।

৫. মাড়ির রোগ: আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশনের (জাডা) জার্নালের একটি নিবন্ধ অনুসারে, মাড়ির রোগের কারণে অনেকের ব্লাড সুগারের মাত্রা বেড়ে যেতে পারে।

মাড়ির রোগটিকে আরও গুরুতর আকারে বলা হয় 'পিরিওডোনটাইটিস'। যা রিপোর্ট অনুসারে, দীর্ঘমেয়াদি ব্লাড সুগারের মাত্রা বেড়ে যাওয়ার ঝুঁকির দিকে নিয়ে যেতে পারে এবং টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি তৈরি করতে পারে।  

৬. ডিহাইড্রেশন: শরীরে পানির ঘাটতি হলে রক্তে শর্করা বেড়ে যেতে পারে। ডিহাইড্রেশনের কারণে হাইপারগ্লাইসেমিয়া হতে পারে। সিডিসির ব্যাখা অনুযায়ী, শরীরে পানির পরিমাল কম মানে ব্লাড সুগার আরও বেশি ঘনীভূত।

৭. কৃত্রিম চিনি: যদিও কৃত্রিম মিষ্টিগুলোকে পরিশোধিত চিনির চেয়ে ভালো বলা হয়, তবে এগুলো ডায়াবেটিস রোগীদের জন্য খুব একটা ভালো নয়।

যদিও এর খারাপ প্রভাবগুলো বের করার জন্য আরও গবেষণার প্রয়োজন, সিডিসি বলছে যে কিছু গবেষণায় দেখা গেছে- এগুলো রক্তে শর্করা বাড়াতে পারে। সূত্র: এনডিটিভি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত