শান্ত সেরা ক্রিকেটার হয়ে উঠবে বলে মনে করেন সুজন

আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ০৬:৪৭ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার পর থেকেই সমালোচনা হয়েছিল নাজমুল হোসেন শান্তর অন্তর্ভুক্তি নিয়ে। জিম্বাবুয়ে সিরিজের পর থেকেই বাদ পড়েছিলেন এই ক্রিকেটার। তারপর নিজেকে প্রমাণ করার আগেই ফিরে আসেন জাতীয় দলে। নির্বাচকরা তার বিপিএলের পারফরম্যান্স বিবেচনা করে বিশ্বকাপে তাকে জায়গা দিয়েছিলেন বলে জানিয়েছিলেন। কিন্তু তাতেও বন্ধ করা যায়নি সমালোচকদের মুখ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে আসার আগে ও টুর্নামেন্ট চলাকালেও ফর্ম নিয়ে সমালোচনার মধ্যে ছিলেন ওপেনার নাজমুল হোসেন। তবে এসবের মধ্যেও শান্ত খেলেছেন ৭১ ও ৫৪ রানের দুটি অর্ধশত রানের ইনিংস। এ দুটি ইনিংসে শান্তর মাঝে টাইগারদের ভবিষ্যতের সেরা ক্রিকেটারের ছায়া দেখছেন বিসিবি পরিচালক ও টাইগারদের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

অ্যাডিলেড থেকে বাংলাদেশের বিমান ধরার আগে গণমাধ্যমকে শান্তর দুটি ফিফটির প্রশংসা করে মাহমুদ বলেন, ‘শান্তকে নিয়ে এতো কথা হওয়ার পরও ও যেভাবে পারফরম্যান্স দেখিয়েছে সেটা আউট অব দ্য বক্স। ওর ওপর যে চাপ ছিল সেখান থেকে বেরিয়ে আসা খুবই শক্ত। কিন্তু ও করে দেখিয়েছে। আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট দলে শান্ত অন্যতম সেরা ক্রিকেটার হয়ে উঠবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত